হাফ ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, বাস আটকালেন ইডেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬
হাফ ভাড়া নিয়ে বাগবিতণ্ডা ও অসদাচরণের অভিযোগের জেরে নীলাচল পরিবহনের ৯টি বাস আটকে দিয়েছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। শনিবার (২১ নভেম্বর) সকালে বাসগুলো কলেজ ক্যাম্পাসের সামনের সড়ক থেকে আটকে ক্যাম্পাসে নিয়ে আসেন তাঁরা।
এ সময় পরিবহনটির বাস চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, গতকাল শুক্রবার (২০ নভেম্বর) নীলাচল পরিবহনের একটি বাসে যাতায়াতের সময় ভাড়া নিয়ে কলেজের শিক্ষার্থী ফাল্গুনীর সঙ্গে বাসটির এক হেলপারের বাগবিতণ্ডা হয়। এ সময় ওই হেলপার শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীরা জানান, হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাসের হেলপার তাঁদের সহপাঠীর সঙ্গে খারাপ আচরণ করেছেন। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে নীলাচল পরিবহনের ৯টি বাস আটকে দেওয়া হয়েছে।
তাঁদের দাবি, অভিযুক্ত হেলপারকে শিক্ষার্থীর কাছে ক্ষমা চাইতে হবে। তিনি ক্ষমা না চাওয়া পর্যন্ত বাসগুলো আটকে রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।



