ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন, হতাহত নেই

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬

বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২১ নভেম্বর) বাহরাইন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। উপসাগরীয় দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিল্প স্থাপনাটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা। তবে নিরাপত্তার স্বার্থে স্থাপনাটির অবস্থান ও ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কতা দিয়েছিল মন্ত্রণালয়। পরে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করে দ্বিতীয়বার বার্তা পাঠানো হয়।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশ কয়েকটি ইরানি বিমান হামলা প্রতিহত করেছে। এসব হামলা প্রতিহত করার সময় ছিটকে আসা ধ্বংসাবশেষের আঘাতে কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ নিহত হননি।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, চলমান আগ্রাসন ও ইরানের আকাশসীমা লঙ্ঘনের জবাবে মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

তবে ইরানের এ দাবির বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্স মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো সাড়া পায়নি।

গত ফেব্রুয়ারিতে ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর থেকে আঞ্চলিক সংঘাত তীব্র হয়েছে। এর জেরে উপসাগরীয় দেশগুলোও উত্তেজনার মধ্যে পড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইন একাধিক ইরানি বিমান হামলা প্রতিহত করার দাবি করেছে।

সূত্র: রয়টার্স