গাড়িবোমা তৈরির পদ্ধতি খুঁজছিলেন, সিডনিতে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬
অস্ট্রেলিয়ার সিডনিতে সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে গাড়িবোমা তৈরির নির্দেশনা সংগ্রহের অভিযোগে নওরোজ রায়েদ আমিন নামে ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি বংশোদ্ভূতকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল পুলিশ। গত শুক্রবার (২০ নভেম্বর) সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইনগেলবার্নের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযোগ, আমিন গাড়িতে স্থাপনযোগ্য বিস্ফোরক ডিভাইস তৈরির পদ্ধতি নিয়ে অনুসন্ধান করেছিলেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট নথি জেনেশুনে সংগ্রহ বা তৈরির পাশাপাশি যোগাযোগমাধ্যম ব্যবহার করে সহিংস উগ্রবাদী উপকরণ সংগ্রহের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দুই মামলায় সম্মিলিতভাবে তাঁর সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড হতে পারে।
গ্রেপ্তারের দিন সিডনির দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ১০টি এলাকায় বাড়ি ও বিভিন্ন স্থাপনায় তল্লাশি চালায় পুলিশ। এসব এলাকার মধ্যে ইনগেলবার্ন, লাকেম্বা, ক্যাম্পবেলটাউন, ব্যাংকসটাউন, রিভেসবাই ও অবার্ন উল্লেখযোগ্য। পরে আমিনকে ক্যাম্পবেলটাউন স্থানীয় আদালতে হাজির করা হয়। তিনি জামিনের আবেদন না করায় তাঁকে হেফাজতে পাঠানো হয়।
এদিকে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে আমিনের আলাদা থাকা স্ত্রী সাদিয়ার অতীত উগ্রবাদী কর্মকাণ্ডের তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে বাংলাদেশে ইসলামিক স্টেটের (আইএস) সাথে সংশ্লিষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিও-জেএমবির সদস্য সন্দেহে ঢাকার বাসা থেকে সাদিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালতে সংগঠনটির সদস্যপদ স্বীকারের পর তিনি কারাভোগ করেন।
বাংলাদেশি পুলিশের বরাত দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, ইংরেজিতে দক্ষ সাদিয়া সংগঠনটির এক শীর্ষ নেতার জন্য বোমা ও বিস্ফোরক তৈরির নির্দেশনাসংবলিত নথি বাংলায় অনুবাদ করেছিলেন।
নিও-জেএমবি আইএস-সংশ্লিষ্ট একটি জঙ্গি সংগঠন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া—উভয় দেশেই সংগঠনটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। অস্ট্রেলিয়ায় ২০১৮ সাল থেকে সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
তবে সাদিয়ার অতীত কর্মকাণ্ডের সাথে আমিনের বিরুদ্ধে আনা বর্তমান অভিযোগের কোনো যোগসূত্র পাওয়া গেছে বলে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ জানায়নি।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের উপকমিশনার হিলডা সিরেক জানান, তদন্তকারীদের ধারণা, আমিন একাই কাজ করছিলেন। তাঁর পরিকল্পনায় কোনো নির্দিষ্ট ব্যক্তি, উপাসনালয় বা জনগোষ্ঠীকে লক্ষ্য করার তথ্য পাওয়া যায়নি। একই সাথে তাৎক্ষণিক কোনো হামলার আশঙ্কাও ছিল না।
এ অভিযানে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে পৃথক অভিযোগ আনা হয়েছে। তবে তাঁদের সাথে আমিনের সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ, এবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস ও দ্য ডেইলি টেলিগ্রাফ।



