গণশুনানিতে অভিযুক্ত শনাক্ত হলে গ্রেপ্তার: চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬
২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে গণশুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ জন্য ইতিমধ্যে সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ সমন্বয়ে যশোর থেকে এ গণশুনানি শুরু করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। এ বিষয়ে সরকার সহযোগিতার বিষয়ে সম্মত হয়েছে। শুনানি চলাকালে কোনো অভিযুক্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে তদন্ত কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন। এ কাজে জুলাই আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের পরিবার এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের বিষয়টি অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে।
একই সঙ্গে ৫ আগস্টের পর বিভিন্ন ব্যক্তিকে যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বা পালাতে সহযোগিতা করেছেন, তাঁদের প্রচলিত দণ্ডবিধিতে বিচারের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, ইলিয়াস আলী ও সুমন গুমের তদন্ত দ্রুত শেষ হবে বলে জানান চিফ প্রসিকিউটর।



