যুদ্ধ শেষ হলেও রাশিয়ার জ্বালানি কিনবে না ইইউ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬
ইউক্রেন যুদ্ধের অবসান হলেও রাশিয়ার কাছ থেকে আর জ্বালানি আমদানি করতে চায় না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মস্কো ও ওয়াশিংটনের মধ্যে শান্তি আলোচনা যে পর্যায়েই পৌঁছাক, রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের পরিকল্পনা থেকে সরে আসবে না জোটটি। এমন অবস্থানের কথা জানিয়েছেন ইইউর জ্বালানিবিষয়ক কমিশনার ড্যান জর্গেনসেন।
ইউরোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করলে রাশিয়া থেকে আর এক অণু পরিমাণ জ্বালানিও আমদানি করব না। আমরা রাশিয়াকে বিশ্বাস করি না।’
জর্গেনসেনের এ বক্তব্যে রাশিয়ার জ্বালানি আমদানি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মস্কোর সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছে। এমনকি শান্তিচুক্তি হলে বিশ্ব জ্বালানি বাজারে রাশিয়ার ফিরে আসার সম্ভাবনাও আলোচনায় এসেছে। তবে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, যুদ্ধ বন্ধ হলেও রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতায় ফিরবে না তারা।
জর্গেনসেন বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যে চুক্তিই হোক না কেন, তা ইউরোপীয় ইউনিয়নের আইন পরিবর্তন করতে পারবে না। ইউরোপের আইন প্রণয়নের প্রক্রিয়া ইউরোপীয় কমিশন, পার্লামেন্ট ও কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হয়। ফলে জ্বালানি আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ইউরোপের নিজস্ব প্রতিষ্ঠানের হাতে থাকবে।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি স্থায়ীভাবে গ্যাস আমদানি বন্ধের আইন করেছে ইউরোপীয় ইউনিয়ন। জর্গেনসেনের মতে, নিষেধাজ্ঞার তুলনায় এ আইন বেশি কার্যকর। কারণ, নিষেধাজ্ঞা প্রতি ছয় মাস পর নবায়ন করতে হয়। যুদ্ধ শেষ হলে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সুযোগ থাকলেও গ্যাস আমদানি বন্ধের আইন বহাল থাকবে।
ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, একসময় জোটটির মোট গ্যাস আমদানির প্রায় ৪৫ শতাংশ আসত রাশিয়া থেকে। বর্তমানে তা কমে প্রায় ১০ শতাংশে নেমেছে। আগামী বছর রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করার লক্ষ্য রয়েছে জোটটির।
সূত্র: ইউরোনিউজ



