যুদ্ধাপরাধের বিচার করায় মার্কিন নিষেধাজ্ঞা, ভোগান্তিতে আইসিসির বিচারক
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক হিসেবে যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করছেন কিম্বারলি প্রস্ট। কিন্তু বিচারিক দায়িত্ব পালন করতে গিয়ে এবার ব্যক্তিগত জীবনেও নানা ভোগান্তির মুখে পড়েছেন কানাডীয় এই বিচারক। আফগানিস্তানে আমেরিকার সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তের অনুমোদন দেওয়ার ঘটনায় ২০২৫ সালের আগস্টে তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর পর থেকে ব্যাংকিং, অর্থ লেনদেন এমনকি দৈনন্দিন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়তে হচ্ছে তাঁকে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রস্ট জানান, নিষেধাজ্ঞার প্রভাব তাঁর প্রতিদিনের জীবনেই পড়ছে। লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে গুগল ম্যাপস ব্যবহার করতে না পারা থেকে শুরু করে ব্যাংক লেনদেন ও ক্রেডিট কার্ড ব্যবহারে অনিশ্চয়তা—সবকিছুই এখন তাঁর জন্য বাড়তি চাপ তৈরি করছে।
এমনকি নেদারল্যান্ডস থেকে যুক্তরাজ্যে বসবাসরত এক নবদম্পতিকে বিয়ের উপহার পাঠানোর অর্থও আটকে দেওয়া হয়েছিল। অর্থ স্থানান্তরের সময় লেনদেন সম্পন্ন হবে কি না, কিংবা ক্রেডিট কার্ড ছাড়া প্রয়োজনীয় কাজ কীভাবে করবেন, তা নিয়েও প্রতিনিয়ত ভাবতে হচ্ছে তাঁকে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন। এতে আইসিসির তদন্তে সহযোগিতাকারীদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেওয়া হয় প্রশাসনকে। পরবর্তী সময়ে আদালতের বিচারক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি প্রতিষ্ঠানটির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আফগানিস্তানে আমেরিকার সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তের অনুমোদন দেওয়া আইসিসির আপিল চেম্বারের সিদ্ধান্তে অংশ নেওয়ায় ২০২৫ সালের আগস্টে নিষেধাজ্ঞার আওতায় আসেন প্রস্ট। তবে নিজের সিদ্ধান্তের পক্ষে এখনো অনড় তিনি। তাঁর ভাষ্য, প্রমাণের ভিত্তিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সুযোগ পেলেও তিনি একই সিদ্ধান্ত নিতেন।
২০০২ সালে আইসিসি প্রতিষ্ঠার জন্য রোম সংবিধি প্রণয়নের আলোচনায় অংশ নিয়েছিলেন প্রস্ট। বর্তমানে ১২৫টি দেশ এই চুক্তির সদস্য। আমেরিকা, চীন, রাশিয়া, ভারত ও ইসরায়েল এই চুক্তির সদস্য নয়। তবে ফিলিস্তিন ও আফগানিস্তানে সংঘটিত কথিত অপরাধের তদন্তের এখতিয়ার আইসিসির রয়েছে বলে আদালতের অবস্থান।
এদিকে গত জুলাইয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, প্রয়োজনে ইটের পর ইট খুলে আইসিসি ভেঙে ফেলা হবে।
প্রস্টের মতে, আমেরিকার নিষেধাজ্ঞার আশঙ্কায় পশ্চিমা বিভিন্ন প্রতিষ্ঠান অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। এর প্রভাব পড়ছে আদালতের স্বাভাবিক কার্যক্রমেও। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে আমেরিকার ব্যাংকিং ও প্রযুক্তি ব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে আইসিসি।
এর মধ্যেই সম্প্রতি আফগানিস্তানে আমেরিকার সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আইসিসির একটি বেঞ্চ। প্রসিকিউশনের সক্ষমতা নিয়ে আস্থার অভাবকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে প্রসিকিউটরের দপ্তর।
এত চাপ ও প্রতিবন্ধকতার মধ্যেও আদালতের কাজ চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন প্রস্ট। তাঁর মতে, ভীতি প্রদর্শনের মুখে আইসিসিকে দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে। কারণ, ন্যায়বিচারের প্রত্যাশা নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া ভুক্তভোগীদের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ।



