পাহাড়ের ভেতর বিশাল সামরিক স্থাপনা নির্মাণ করছে ইরান
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
পাহাড়ের ভেতরে বিশাল আকারের একটি ভূগর্ভস্থ সামরিক স্থাপনা নির্মাণ করছে ইরান। দেশটির গুরুত্বপূর্ণ দুটি পারমাণবিক স্থাপনার মাঝামাঝি এলাকায় চলছে এই নির্মাণকাজ। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, দ্রুতগতিতে এগিয়ে চলছে প্রকল্পটির কাজ। নির্মাণ শেষে স্থাপনাটির আয়তন প্রায় ১২ হাজার একর হতে পারে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধের মধ্যে ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের মধ্যেই নতুন এই স্থাপনা নির্মাণের বিষয়টি সামনে এসেছে। তবে ভূগর্ভস্থ স্থাপনাটির প্রকৃত উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।
নিরাপত্তাব্যবস্থা, নির্মাণের ধরন ও কাজের গতি বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের ধারণা, স্থাপনাটি ক্ষেপণাস্ত্র কিংবা বড় ধরনের অস্ত্রব্যবস্থা সংরক্ষণ ও পরিচালনার কাজে ব্যবহার করা হতে পারে। এমনকি পারমাণবিক কর্মসূচির সঙ্গেও এর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে আমেরিকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি (আইএসআইএস) জানায়, ইরানের বেহজাতাবাদ ভূগর্ভস্থ স্থাপনায় দ্রুতগতিতে নির্মাণকাজ চলছে। ভ্যান্টর টেকনোলজিসের সরবরাহ করা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
নতুন এই স্থাপনার অবস্থান এবং নির্মাণের অগ্রগতি ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।



