কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৬

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই হামলাকে ‘সন্দেহজনক’ উল্লেখ করে বলেছেন, এর মাধ্যমে যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে দুই ইতালীয় নাগরিক নিহত হন। আহত হন একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক। নিহত দুই ইতালীয় কুয়েতে বেসামরিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে তিনি নিহত ইতালীয় নাগরিকদের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সাথে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কুয়েত ও ইতালির সাথে সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এর আগে হামলার পরপরই কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, ইরান থেকে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়েছে। প্রথমে হামলায় চারজন আহত হওয়ার তথ্য জানানো হলেও পরে মন্ত্রণালয়টি জানায়, এতে দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন এবং একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক আহত হয়েছেন।

তবে কুয়েতের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি। রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, বৃহস্পতিবার এ অঞ্চলে কোনো সামরিক অভিযান বা হামলা চালায়নি ইরানের সশস্ত্র বাহিনী।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। এর জবাবে কুয়েতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান। ওই সময় একটি ড্রোন হামলায় কুয়েতে ছয় মার্কিন সেনা নিহত হন। এ ছাড়া ভুলবশত কুয়েতের সেনাদের গুলিতে আমেরিকার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়।

উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে আয়তনে ছোট হলেও কুয়েতে আমেরিকার ব্যাপক সামরিক উপস্থিতি রয়েছে। ইরান মূলত দেশটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল।

এ ছাড়া গত সপ্তাহে বাহরাইনেও একাধিকবার ড্রোন হামলা চালায় ইরান। সর্বশেষ হামলায় দেশটির একটি তেল ডিপোতে ভয়াবহ আগুন লাগে। তবে বৃহস্পতিবারের কুয়েত হামলায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তেহরান।

সূত্র: আল জাজিরা