ভিয়েতনামে পোষা বিড়াল-কুকুর চুরি করে বিক্রি হচ্ছে মাংসের বাজারে

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৬

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উপকণ্ঠে রাস্তার পাশের একটি পশুর বাজারে নিজের হারিয়ে যাওয়া বিড়াল খুঁজছেন কিউ মিন ফুয়ং। নয় বছর বয়সী বিড়ালটির নাম ডম। গায়ে তিন রঙের ছোপ থাকা বিড়ালটিকে এক মাস আগে হারিয়েছেন তিনি। তাঁর ধারণা, বিড়ালটিকে চুরি করে মাংসের বাজারে বিক্রি করা হয়েছে।

বাজারের সারি সারি খাঁচায় গাদাগাদি করে রাখা হয়েছে বিড়াল, কুকুর, খরগোশ ও লড়াইয়ের মোরগ। এসব প্রাণীর কিছু পোষার জন্য বিক্রি করা হয়, আর কিছু জবাই করা হয় মাংসের জন্য।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ঘটনা দেখে ফুয়ং ওই বাজারে এসেছেন। বিভিন্ন গ্রুপে তিনি দেখেছেন, অনেকেই এমন বাজার থেকে তাঁদের হারিয়ে যাওয়া পোষা প্রাণী খুঁজে পেয়েছেন।

৪০ বছর বয়সী এই মৃৎশিল্প ব্যবসায়ী বলেন, ডমকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, এমন সম্ভাবনাই বেশি। ছোটবেলা থেকেই তিনি বিড়ালটিকে লালন-পালন করেছেন। এর আগে কখনো ডম হারিয়ে যায়নি বলেও জানান তিনি। একই রাতে তাঁর কয়েকজন প্রতিবেশীর পোষা প্রাণীও হারিয়ে গেছে।

ভিয়েতনামের পুলিশ জানিয়েছে, চলতি বছর পোষা প্রাণী চুরির অভিযোগে কয়েক ডজন মানুষকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হাজার হাজার বিড়াল ও কুকুর চুরি করে মাংসের ব্যবসায় বিক্রির অভিযোগ রয়েছে। দেশটির আইনে পোষা প্রাণী চুরি করা সম্পত্তি চুরির অপরাধ। তবে বিড়াল ও কুকুরের মাংস কেনাবেচা এবং খাওয়া বৈধ।

ভিয়েতনামে পোষা প্রাণী চুরির কোনো জাতীয় তথ্যভাণ্ডার নেই। তবে পুলিশ পরিচালিত সংবাদমাধ্যমে মাঝেমধ্যে এ ধরনের ঘটনার খবর প্রকাশিত হয়।

গত মাসে হো চি মিন সিটির পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে মাংসের ব্যবসায় বিক্রির জন্য ২ হাজার ৭০০টি বিড়াল চুরির অভিযোগ রয়েছে। এর আগে গত এপ্রিলে হ্যানয় পুলিশ ৩০০টির বেশি বিড়াল চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, চোরেরা সাধারণত গভীর রাতে মোটরসাইকেল নিয়ে বের হয়। তাদের সাথে থাকে বস্তা, ডাক্ট টেপ ও প্রাণী ধরার বিভিন্ন সরঞ্জাম। এসব সরঞ্জামের মধ্যে হাতে তৈরি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্রও রয়েছে। এগুলো ব্যবহার করে প্রাণীদের অজ্ঞান বা দুর্বল করে ফেলা হয়।

পোষা প্রাণী চুরি ও এ-সংক্রান্ত তথ্য জানতে রয়টার্স হ্যানয় পুলিশের সাথে যোগাযোগ করেছিল। তবে তারা কোনো জবাব দেয়নি।

প্রায় ১০ কোটি মানুষের দেশ ভিয়েতনামে পোষা প্রাণী নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসছে। বিশেষ করে তরুণদের মধ্যে বিড়াল ও কুকুরকে পরিবারের সদস্যের মতো করে পালার প্রবণতা বাড়ছে। একই সময়ে হ্যানয়ের নগর কর্তৃপক্ষ বিড়াল ও কুকুরের মাংসের ব্যবসা কমানোর চেষ্টা করছে। আন্তর্জাতিক অঙ্গনে শহরের ভাবমূর্তি ভালো রাখাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

তবে দেশটির অনেক এলাকায় এখনো খাবারের দোকানে কুকুর ও বিড়ালের মাংস বিক্রি হয়। রাজধানীর কিছু এলাকায় রাস্তার পাশের দোকানে আস্ত কুকুর ভেজে বিক্রি করতেও দেখা যায়।

পোষা প্রাণী পালনের প্রবণতা বাড়লেও চোরেরা এসব প্রাণী চুরি করে সহজেই মাংসের বাজারে বিক্রি করতে পারছে। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, এলাকাভেদে প্রাণীর দাম আলাদা হয়। তবে জীবিত কুকুরের প্রতি কেজির দাম প্রায় ১ ডলার ৫০ সেন্ট এবং বিড়ালের প্রতি কেজির দাম প্রায় ৫ ডলার। তুলনায়, ভিয়েতনামে ঘণ্টাপ্রতি সর্বনিম্ন মজুরি ৬৯ থেকে ৯৯ সেন্ট।

হাইফং শহরের ৫০ বছর বয়সী ট্রাকচালক ত্রান থান বলেন, শ্রমজীবী মানুষের কাছে বিড়ালের মাংস বেশ জনপ্রিয় খাবার। তাঁর ভাষ্য, সাধারণত তাঁর বয়সী বা তার চেয়ে বেশি বয়সী মানুষেরাই এই অভ্যাস ধরে রেখেছেন।

ত্রান জানান, ছয়জন মিলে প্রায় ২৩ ডলার খরচ করে বিড়ালের মাংস দিয়ে তৈরি গরম ঝোলজাতীয় খাবার খেতে পারেন। শূকর বা মুরগির মাংসের পরিবর্তে তাঁরা বিড়ালের মাংস বেছে নেন। কারণ, চালের মদের সাথে এটি খেতে ভালো লাগে।

ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়ার প্রচলন অনেক পুরোনো। দেশটির কিছু মানুষের বিশ্বাস, এসব মাংস খেলে শরীরে শক্তি বাড়ে এবং দুর্ভাগ্য দূর হয়।

তবে এ ব্যবসার আকার নিয়ে সরকারি কোনো হিসাব নেই। প্রাণীকল্যাণ নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ফোর পজ ইন্টারন্যাশনাল ২০২০ সালের এক প্রতিবেদনে অনুমান করেছিল, ভিয়েতনামে প্রতিবছর ৫০ লাখের বেশি কুকুর ও ১০ লাখ বিড়াল জবাই করা হয়। তবে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কারণে কয়েক বছর ধরে এ ব্যবসা ধীরে ধীরে কমছে।

৭০ বছর বয়সী ত্রান হু থান একসময় কুকুরের মাংসের রেস্তোরাঁ চালাতেন। বিক্রি কমে যাওয়ায় ২০১৯ সালে তিনি ব্যবসা বন্ধ করে দেন। তাঁর মতে, এখনকার তরুণেরা কুকুর ঘরের ভেতরে রাখেন এবং পরিবারের সদস্যের মতো যত্ন নেন।

২০১৮ সালে হ্যানয়ের নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের কুকুর ও বিড়ালের মাংস খাওয়া বন্ধ করার আহ্বান জানায়। কর্তৃপক্ষের মতে, এ ধরনের খাবার শহরের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং জলাতঙ্ক ছড়ানোর ঝুঁকি বাড়ায়।

গত বছর কুকুর ও বিড়ালের মাংসের ব্যবসায়ীদের অন্য পেশায় যেতে উৎসাহিত করতে একটি পরীক্ষামূলক কর্মসূচি চালু করে কর্তৃপক্ষ। এর আওতায় ব্যবসায়ীদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয় পরিচালিত সংবাদমাধ্যম ভিয়েতনাম ইনভেস্টমেন্ট রিভিউ চলতি সপ্তাহে জানিয়েছে, কর্মসূচি শুরুর এক বছরের মধ্যে ২৮টি প্রতিষ্ঠান তাদের ব্যবসা পরিবর্তন করেছে।

ভিয়েতনামের আইন অনুযায়ী, বিক্রেতাদের কাছে থাকা প্রাণীগুলোর উৎস সম্পর্কে প্রমাণ দেখাতে হয়। তবে হ্যানয়ের বাসিন্দাদের অভিযোগ, আইনটি যথাযথভাবে কার্যকর হচ্ছে না।

রয়টার্সের সাংবাদিকেরা শহরের একটি কাঁচাবাজারে পাঁচটি দোকানের মালিকের সাথে কথা বলেন। তাঁদের মধ্যে তিনজন জানান, তাঁরা যে প্রাণী বিক্রি করেন, সেগুলো কোথা থেকে আসে তা জানেন না। পাঁচজনের কেউই নিজেদের নাম প্রকাশ করতে চাননি। এ বিষয়ে জানতে হ্যানয় নগর কর্তৃপক্ষ ও পুলিশের সাথে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারাও কোনো জবাব দেয়নি।

হ্যানয়ে পরিত্যক্ত ও চুরি হওয়া পোষা প্রাণীদের জন্য বড় আশ্রয়কেন্দ্রগুলোর একটি এসএনএনসি ডগ অ্যান্ড ক্যাট রেসকিউ সেন্টার। বিভিন্ন সময় মানুষ এই কেন্দ্রে ফোন করে জানায়, কিছু প্রাণীকে জবাইখানায় নিয়ে যাওয়া হচ্ছে।

কেন্দ্রটির স্বেচ্ছাসেবক ও যোগাযোগবিষয়ক ব্যবস্থাপক ফান চুং থান বলেন, এ ধরনের খবর পেলে কর্মীরা অনেক সময় সেখানে গিয়ে প্রাণীগুলো কেনার চেষ্টা করেন। মাংস হিসেবে বিক্রি করলে যে দাম পাওয়া যেত, তার চেয়ে বেশি টাকা দিয়ে তাঁরা প্রাণীগুলো কিনে নেন।

তবে অর্থের অভাবে কেন্দ্রটিকে এখন উদ্ধারকাজ কমাতে হয়েছে। ফান জানান, বর্তমানে আশ্রয়কেন্দ্রে প্রায় ১ হাজার ৪০০টি প্রাণী রয়েছে। এর বেশি প্রাণী রাখার সামর্থ্য তাদের নেই।

এদিকে ডম হারিয়ে যাওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখনো বিড়ালটির খোঁজ পাননি ফুয়ং। তিনি ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক গ্রুপে নজর রাখছেন। সেখানে অনেকেই হারিয়ে যাওয়া প্রাণীর ছবি পোস্ট করেন। কেউ কেউ প্রাণী ফিরিয়ে দেওয়ার বিনিময়ে টাকা চান।

ফুয়ং বলেন, ‘ডম আমার মানসিক ভরসা ছিল। ওকে ছাড়া বাড়িটা একেবারে ফাঁকা লাগে।’