ভিসা জালিয়াতি ঠেকাতে ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড
ব্যাংক স্টেটমেন্ট স্ক্যান করেই মিলবে সত্যতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মে ১২, ২০২৬
বিদেশ গমনেচ্ছু বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ করতে ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেটে কিউআর কোড সংযুক্ত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
সার্কুলারে বলা হয়েছে, বিভিন্ন দেশের দূতাবাস ও ভিসা সেন্টারে জমা দেওয়া ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও ইনভেস্টমেন্ট সার্টিফিকেট তাৎক্ষণিকভাবে যাচাইয়ের সুযোগ না থাকায় ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক ব্যয় বাড়ছে। একই সঙ্গে জালিয়াতির ঝুঁকিও তৈরি হচ্ছে।
এ অবস্থায় সব তফসিলি ব্যাংককে গ্রাহকদের সরবরাহ করা স্টেটমেন্ট ও সার্টিফিকেটে অনলাইন যাচাইযোগ্য কিউআর কোড সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কিউআর কোড স্ক্যান করলে সংশ্লিষ্ট হিসাব নম্বর, হিসাবের নাম, ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স এবং স্টেটমেন্ট তৈরির তারিখ যাচাই করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া এসব তথ্য কমপক্ষে ছয় মাস অনলাইনে সংরক্ষণ ও যাচাইযোগ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে। তবে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা চালু করতে ব্যাংকগুলোকে ৯০ দিনের সময় দেওয়া হয়েছে।



