ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬
হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ আখ্যা দিয়ে সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।
রিটে হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তের পেছনে উপদেষ্টা পরিষদের ভূমিকা তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানানো হয়েছে।
মামলায় মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনকারী আইনজীবীর দাবি, হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং এতে গুরুতর অবহেলার বিষয় রয়েছে। এ কারণে বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।
রিটের ওপর আদালতে শুনানির তারিখ পরে নির্ধারণ করা হতে পারে।



