সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো শ্রমিক নিজের কর্মস্থল ও জীবিকার ক্ষতি করতে পারেন না। অথচ একটি মহল বিভিন্ন কলকারখানায় ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, গত ৫০ বছরে দেশে গড়ে ওঠা শিল্পকারখানাগুলো বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। এসব প্রতিষ্ঠানে কাজ করেন লাখ লাখ শ্রমজীবী মানুষ। শিল্পকারখানাগুলো দেশের সম্পদ, মানুষের সম্পদ। তাই কোনো শ্রমিক নিজের কর্মস্থল ও জীবিকার ক্ষতি করতে পারেন না।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, গত ১৫ থেকে ১৬ বছরে একটি মহল দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। বরং মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারাই এখন সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়ছে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে সরকার অবগত রয়েছে। এসব দাবি বিবেচনা ও পর্যালোচনার জন্য ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ড কাজ শুরু করেছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে, যাতে শ্রমিকেরা ভালো থাকতে পারেন।