স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মে ২২, ২০২৬
ধর্ষকদের ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ দেওয়াকে ‘মধ্যযুগীয়’ আখ্যা দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এ বক্তব্যকে ইসলামী বিচারব্যবস্থার প্রতি অবমাননাকর দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
শুক্রবার দুপুরে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয়’ বলা ইসলামী শরিয়া আইন ও রাসূল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করার শামিল।”
তিনি অভিযোগ করেন, সরকার একদিকে “মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনার” কথা বললেও অন্যদিকে ইসলামী শরিয়াকে ‘মধ্যযুগীয়’ আখ্যা দিয়ে দ্বিচারিতার পরিচয় দিচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। দ্রুত বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানায় জামায়াত।
তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



