প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দুই দিনের কক্সবাজার সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। আগামী ১৪ ও ১৫ জুন চকরিয়া ও পেকুয়া এলাকায় তাঁর সফরসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা গেছে, ১৪ জুন সকাল ১০টায় চকরিয়া সফরের মধ্য দিয়ে তারেক রহমানের কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পিএমখালীর পাতলি খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করবেন এবং সেখানে বক্তব্য রাখবেন।

এরপর বেলা ১১টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন তিনি। পরে পেকুয়ায় শহীদ ওয়াসীমের কবর জিয়ারত, নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন এবং স্থানীয় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

দুপুরে পেকুয়ায় মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। জনসভা সফল করতে ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

চকরিয়া উপজেলা বিএনপির নেতারা জানান, জনসভায় বৃহত্তর চকরিয়ার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, চকরিয়া কর্মসূচি শেষে সন্ধ্যায় কক্সবাজারে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। পরে তিনি কক্সবাজার সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। পরদিন ১৫ জুন সকালে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে সুধী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।

এদিকে সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সমন্বয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানা গেছে।