অবৈধ প্রবাসীদের জন্য সুখবর, সাধারণ ক্ষমা ঘোষণা করল জর্ডান
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬
জর্ডানে অবস্থানরত নথিপত্রবিহীন বাংলাদেশি প্রবাসীদের জন্য বড় সুখবর এসেছে। দেশটির সরকার সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) ঘোষণা করেছে, যার আওতায় অবৈধভাবে অবস্থানরত শ্রমিকরা বৈধ হওয়ার সুযোগ পাবেন অথবা কোনো জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন।
বুধবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজেও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ ক্ষমার আওতায় জর্ডানে অবৈধভাবে অবস্থানরত বিদেশি শ্রমিকরা চাইলে জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। পাশাপাশি নির্ধারিত শর্ত পূরণ করে তারা জর্ডানেই থেকে বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন।
এছাড়া এই কর্মসূচির আওতায় শ্রমিকরা কর্মস্থল পরিবর্তনের সুযোগও পাবেন। গৃহকর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন। একই সঙ্গে যারা ভ্রমণ ভিসায় জর্ডানে প্রবেশ করেছেন, তারাও ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার সুযোগ পাবেন।
বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে এই সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছে। এ বিষয়ে যেকোনো সহায়তার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, জর্ডান সরকারের এই সিদ্ধান্ত দেশটিতে অবস্থানরত হাজারো বাংলাদেশি শ্রমিকের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এতে একদিকে যেমন অনেক প্রবাসী বৈধ হওয়ার সুযোগ পাবেন, অন্যদিকে কর্মসংস্থান ও শ্রমবাজারে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।



