পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬
বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের শার্ট এবং খাকি রঙের ট্রাউজার নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মহানগর পুলিশের সদস্যরা লাইট অলিভ রঙের শার্ট পরবেন।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এ সংশোধনী প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের টিসি কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের ক্ষেত্রে শার্ট হবে লাইট অলিভ রঙের। একই সঙ্গে কফি রঙের ট্রাউজারের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার পরতে হবে।
সংশোধনীতে জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের রঙেও পরিবর্তন আনা হয়েছে। আয়রন রঙের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যরা গাঢ় নীল রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভার ব্যবহার করবেন। তবে মহানগর পুলিশের জন্য এসব পোশাকের রং হবে লাইট অলিভ।
নারী পুলিশ সদস্যদের পোশাকেও আনা হয়েছে নতুন নির্দেশনা। জেলা পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের নারী সদস্যরা গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ পরবেন। এছাড়া অনুমোদিত হেড কভারও গাঢ় নীল রঙের হতে হবে।
সংশোধিত বিধান অনুযায়ী, গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার নিয়ম বহাল থাকবে। পাশাপাশি গর্ভবতী নারী পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমোদন সাপেক্ষে সাধারণ পোশাক পরতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



