বেনজীরকে দেশে ফেরাতে দুবাইয়ে পাঠানো হয়েছে মামলার নথি: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলার কাগজপত্র দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে আশা করছে সরকার।
এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। রাজধানীর মোহাম্মদপুরকে দীর্ঘদিনের অপরাধপ্রবণ এলাকা উল্লেখ করে সেখানে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।
সালাহউদ্দিন আহমদ দাবি করেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে। দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দলটির কার্যক্রমের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের কার্যক্রম নজরদারিতে রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।



