কুয়ালালামপুরে অভিযান, ১১৮ বাংলাদেশিসহ ১৮৬ অবৈধ অভিবাসী আটক

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পুডু মার্কেটের কাছে একটি ভবনে অভিযান চালিয়ে ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।  আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশি নাগরিক।

শুক্রবার মধ্যরাতে পরিচালিত এ অভিযানে ৩২০ জন বিদেশিকে তল্লাশি করা হয়।  এর মধ্যে ১৮৬ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় বলে জানিয়েছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ।

আটকদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি পুরুষ রয়েছেন।  এছাড়া ২৮ জন ইন্দোনেশীয় নাগরিক, ২৬ জন মিয়ানমারের নাগরিক, ৫ জন ভিয়েতনামি, ৪ জন নেপালি, ২ জন ভারতীয়, ২ জন চীনা এবং ১ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা।

অভিযানে ইমিগ্রেশন বিভাগ, পুলিশ, কুয়ালালামপুর সিটি হল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ১৩৭ জন কর্মকর্তা অংশ নেন।

আটক সবাইকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

 

সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে