বাংলাদেশের আর্জেন্টিনা প্রেম বিশ্বে তুলে ধরতে চান রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

ফুটবলকে ঘিরে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি গভীর ভালোবাসা ও আবেগ বিশ্বব্যাপী তুলে ধরার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তিনি মনে করেন, ফুটবল দুই দেশের জনগণের মধ্যে এক অনন্য সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করেছে, যা আন্তর্জাতিক পরিসরেও তুলে ধরা উচিত।

শুক্রবার (২০ জুন) বিকেলে পুলিশ সদর দপ্তরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তাবিষয়ক সহযোগিতা জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম, বিশেষ করে আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি তাদের ব্যাপক সমর্থনের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশে যে আর্জেন্টিনা উন্মাদনা দেখা যায়, তা বিশ্বের অনেক দেশের কাছেই অনন্য উদাহরণ। এই আন্তরিক ভালোবাসা ও সমর্থনের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে তিনি আগ্রহী।

আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিশেষ করে নিরাপত্তা, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

তিনি বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম এবং আর্জেন্টিনার প্রতি তাদের আবেগ বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়ে রাষ্ট্রদূতের আগ্রহকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

সাক্ষাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আলোচনায় নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি ফুটবল, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক সম্পৃক্ততাকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, ফুটবলকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বিশেষ আবেগ ভবিষ্যতে বাংলাদেশ ও আর্জেন্টিনার সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।