মেক্সিকোতে আবারও সাংবাদিক হত্যা, উদ্ধার মরদেহ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬
মেক্সিকোতে আবারও সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো অঙ্গরাজ্যের পর্যটন শহর আকাপুলকোর উপকণ্ঠ থেকে সাংবাদিক এদুয়ার্দো ফ্লোরেসের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে হত্যাকাণ্ডের কারণ এবং এর সাথে জড়িতদের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
সোমবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
নিহত এদুয়ার্দো ফ্লোরেস নিরাপত্তা পরিস্থিতি, সামাজিক সমস্যা এবং নিখোঁজ ব্যক্তিদের নিয়ে প্রতিবেদন তৈরি করতেন। তিনি স্থানীয় সংবাদমাধ্যম ‘এনফোক ইনফরমাতিভো’তে কর্মরত ছিলেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার রাতে আকাপুলকো শহরের উপকণ্ঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, এ ঘটনায় তারা শুধু একজন সহকর্মী, বন্ধু ও মূল্যবান মানুষকে হারায়নি, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপরও সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়, ‘তারা আমাদের কণ্ঠরোধ করতে পারবে না। এদুয়ার্দো ফ্লোরেস সালাদোর মতো আমরাও দৃঢ়তা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশন চালিয়ে যাব।’
একই সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে সংবাদমাধ্যমটি।
গুয়েরেরো অঙ্গরাজ্যের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, ফ্লোরেস হত্যার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবরও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
এর আগে দেশটিতে সাংবাদিক রোক্সানা গুজমানও হত্যাকাণ্ডের শিকার হন। তিনি ভেরাক্রুজের অপরাধবিষয়ক সংবাদমাধ্যম ‘পুলসো ইনফরমাতিভো দেল সুয়েস্তে’ পরিচালনা করতেন।
গত ২ জুন অপহৃত হওয়ার আগে নিজের বাড়ির সামনে একটি ভিডিও ধারণ করেছিলেন তিনি। ভিডিওতে মুখোশধারী কয়েকজন ব্যক্তিকে তার বাড়ির সামনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অপহরণের প্রায় এক মাস পর তার দেহাবশেষ উদ্ধার করা হয়।
সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি মেক্সিকো। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘আর্টিকেল ১৯’-এর তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে দেশটিতে সাংবাদিকদের ওপর ১৮১টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার অনেকগুলোই ঘটেছে এমন অঙ্গরাজ্যে, যেখানে সংগঠিত অপরাধী চক্রের শক্তিশালী প্রভাব রয়েছে। শুধু ২০২৬ সালের প্রথম সাত মাসেই সাংবাদিকদের ওপর ছয়টি হামলার ঘটনা ঘটেছে।
সাংবাদিক হত্যার বেশির ভাগ ঘটনারই রহস্য উদ্ঘাটন হয় না। ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’-এর তথ্য অনুযায়ী, গত বছর সাংবাদিকদের কাজের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর তালিকায় গাজার পরই ছিল মেক্সিকো।



