সাদা কাগজে স্বাক্ষর নয়!

সৌদি প্রবাসীদের উদ্দেশে দূতাবাসের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই না দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার কনস্যুলেটের কাউন্সেলর মো. মেহবুব জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের অসতর্কতার সুযোগ নিয়ে অসাধু ব্যক্তি বা চক্র জাল দলিল তৈরি, আর্থিক প্রতারণা, অবৈধ লেনদেনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রতারণার কারণে একজন প্রবাসী অজান্তেই ফৌজদারি মামলায় জড়িয়ে পড়তে পারেন। পাশাপাশি আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য আইনগত জটিলতারও মুখোমুখি হতে পারেন।

কনস্যুলেট প্রবাসীদের পরামর্শ দিয়েছে, কোনো নথিতে স্বাক্ষর বা টিপসই দেওয়ার আগে অবশ্যই তার পুরো বিষয়বস্তু ভালোভাবে পড়ে বুঝতে হবে এবং প্রয়োজন হলে যাচাই করে নিতে হবে। কোনো অবস্থাতেই না বুঝে বা যাচাই ছাড়া কোনো কাগজে স্বাক্ষর করা উচিত নয়।

সৌদি আরবে কর্মরত অনেক বাংলাদেশি শ্রমিক বিভিন্ন ব্যক্তি বা এজেন্টের প্রলোভনে পড়ে এমন ভুল করে থাকেন। পরে সেই কাগজ ব্যবহার করে তাদের বিরুদ্ধে প্রতারণা বা জালিয়াতির ঘটনা ঘটে।

প্রবাসীদের নিরাপত্তা ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ কনস্যুলেটের এই সতর্কতাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের সচেতনতামূলক বার্তা ভবিষ্যতে প্রবাসীদের প্রতারণার ঝুঁকি কমাতে সহায়তা করবে।