প্রবাসে নির্যাতনের শিকার নারী কর্মীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে সরকার
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬
বিদেশে কর্মরত বাংলাদেশি নারী অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশে ‘সেইফ হোম’ পরিচালনা করছে সরকার। নিয়োগকর্তার নির্যাতন, শারীরিক ও মানসিক হয়রানি, বেতন না পাওয়া কিংবা অন্যান্য সংকটে পড়া নারী কর্মীরা এসব সেইফ হোমে সাময়িক আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ মিশনের তত্ত্বাবধানে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে পরিচালিত এসব সেইফ হোমে আশ্রয় নেওয়া নারী কর্মীদের জন্য নিরাপদ আবাসনের পাশাপাশি খাবার, চিকিৎসাসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা রয়েছে।
বর্তমানে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও মদিনার পাশাপাশি ওমান, জর্ডান, লিবিয়া ও লেবাননে বাংলাদেশ সরকারের সেইফ হোম কার্যক্রম চালু রয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে সংকটে পড়া নারী কর্মীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
বিদেশে অবস্থানরত কোনো নারী কর্মী বা তাঁর পরিবারের সদস্যদের সেইফ হোমের সহায়তা প্রয়োজন হলে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখা অথবা জেলা কর্মসংস্থান ও জনশক্তি (ডিইএমও) অফিসের মাধ্যমে আবেদন করা যায়। এছাড়া সরাসরি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডেও আবেদন করার সুযোগ রয়েছে।
আবেদন পাওয়ার পর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা মিশনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং আবেদনকারীকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে কর্মরত নারী অভিবাসীদের নিরাপত্তা ও মানবাধিকার সুরক্ষায় সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের জন্য সেইফ হোম সংকটকালে একটি নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করছে।



