মুম্বাইয়ে স্কুল বাসের ওপর গাছ ভেঙে পড়ে শিক্ষার্থীর মৃত্যু, আহত ১০

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬

ভারতের মুম্বাইয়ে ভারি বৃষ্টির মধ্যে একটি স্কুল বাসের ওপর বিশাল একটি গাছ ভেঙে পড়ে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন শিশু আহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের চেম্বুর এলাকার ১১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় তিলক নগরের ইউনিভার্সাল হাই স্কুলের বাসটিতে ১২ জন শিক্ষার্থী ছিল। গাছটি বাসের ওপর ভেঙে পড়ার পর চালকের সহকারী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তারা বাসে আটকে পড়া সব শিক্ষার্থীকে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া শিক্ষার্থীদের মধ্যে বিহান শ্রীবাস্তব (১১) গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অন্য ১০ শিক্ষার্থীর মধ্যে কয়েকজন সামান্য আঘাত পেয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

স্থানীয় প্রশাসন ঘটনাটির তদন্ত শুরু করেছে। ভারি বৃষ্টির কারণে গাছটি উপড়ে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি