চাকরির প্রলোভনে কম্বোডিয়ায়
প্রতারণার শিকার শত শত বাংলাদেশি
জুনে দেশে ফিরেছেন ৫৮৩ বাংলাদেশি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৬
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ১০৯ জন বাংলাদেশি মঙ্গলবার রাত ১টা ২৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। এর ফলে গত চার দিনে দেশে ফেরা বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ৩৬২ জনে। আর শুধু জুন মাসেই কম্বোডিয়া থেকে দেশে ফিরেছেন ৫৮৩ জন ভুক্তভোগী।
দেশে ফিরে আসা ব্যক্তিদের বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি, প্রবাসী কল্যাণ ডেস্ক এবং ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরের এক ভুক্তভোগী জানান, কম্পিউটার অপারেটর হিসেবে চাকরির প্রতিশ্রুতি দিয়ে একটি রিক্রুটিং এজেন্সি ও দালাল চক্র তার কাছ থেকে ৫ লাখ ৩০ হাজার টাকা নেয়। এমনকি তার জন্য বিএমইটির ছাড়পত্রও সংগ্রহ করা হয়। কিন্তু কম্বোডিয়ায় পৌঁছানোর পর তিনি মাত্র এক মাস মেয়াদি ভিজিট ভিসা পান এবং পরে স্থানীয় দালালদের হাতে বিক্রি হয়ে যান।
তার ভাষ্য অনুযায়ী, পরে তাকে একটি সাইবার স্ক্যাম কম্পাউন্ডে নিয়ে জোরপূর্বক কাজ করতে বাধ্য করা হয়।
আরেক ভুক্তভোগী জানান, তাদের দিয়ে বিদেশি নাগরিকদের লক্ষ্য করে অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করানো হতো। নির্ধারিত লক্ষ্য পূরণ করতে না পারলে মারধর, বৈদ্যুতিক শক এবং টর্চার সেলে আটকে রেখে নির্যাতন করা হতো। সম্প্রতি কম্বোডিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় স্ক্যাম চক্রের সদস্যরা পালিয়ে গেলে তারা মুক্তি পান।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, “সাইবার স্ক্যাম এখন মানব পাচারের ভয়াবহ রূপ নিয়েছে। উন্নত দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের বিদেশে নিয়ে গিয়ে জোরপূর্বক অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে যুক্ত করা হচ্ছে।”
তিনি বলেন, জুন মাসে ৫৮৩ জন বাংলাদেশির দেশে ফেরা প্রমাণ করে যে বিপুল সংখ্যক মানুষ এই চক্রের শিকার হয়েছেন। ইতোমধ্যে কয়েকজন ভুক্তভোগী আইনি ব্যবস্থাও নিয়েছেন।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, গত দেড় বছরে কর্মসংস্থানের উদ্দেশ্যে ১৫ হাজার ৯২১ জন বাংলাদেশি কম্বোডিয়ায় গেছেন। দেশে ফেরা ব্যক্তিদের দাবি, সেখানে এখনো হাজার হাজার বাংলাদেশি চাকরি না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
ব্র্যাক জানিয়েছে, কম্পিউটার অপারেটর, কল সেন্টার এক্সিকিউটিভ এবং কাস্টমার সার্ভিসসহ আকর্ষণীয় বিভিন্ন পদের চাকরির বিজ্ঞাপন দিয়ে ভুয়া ওয়েবসাইট, ই-মেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে চাকরিপ্রার্থীদের প্রলোভন দেখানো হয়। পরে তাদের স্ক্যাম কম্পাউন্ডে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অনলাইন প্রতারণায় বাধ্য করা হয়।
সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, থাইল্যান্ড, কম্বোডিয়া, মিয়ানমার, লাওস ও ভিয়েতনামে চাকরির উদ্দেশ্যে যাওয়ার আগে চাকরির সত্যতা, নিয়োগকারী প্রতিষ্ঠান এবং ভিসার ধরন ভালোভাবে যাচাই করা জরুরি। সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য নিশ্চিত না করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থেকেই যায়।



