ওয়ার্ক পারমিট নবায়ন

বৈধতা নিশ্চিত করতে সময় বাড়ালো সৌদি সরকার

এক বছরের বেশি মেয়াদোত্তীর্ণ পারমিটধারী ও নির্ধারিত সময়েও পারমিট না পাওয়া শ্রমিকরা পাবেন এই সুবিধা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৬

ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের শেষ পর্যন্ত নির্দিষ্ট শ্রেণির প্রবাসী শ্রমিকরা তাদের ওয়ার্ক পারমিট নবায়নের সুযোগ পাবেন।

মঙ্গলবার (৩০ জুন) গালফভিত্তিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে নিয়োগকর্তা ও শ্রমিকরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় পাবেন।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শ্রমিকের ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরের বেশি আগে শেষ হয়েছে, তারা এই বিশেষ সুবিধার আওতায় আসবেন। এছাড়া কর্মস্থলে যোগদানের ছয় মাসের বেশি সময় পার হওয়ার পরও যেসব শ্রমিক ওয়ার্ক পারমিট পাননি, তারাও এই সুযোগ পাবেন।

মন্ত্রণালয়ের ভাষ্য, শ্রমবিধি বাস্তবায়ন জোরদার করা, কর্মসংস্থান-সংশ্লিষ্ট সব পক্ষের অধিকার সংরক্ষণ এবং প্রতিষ্ঠান ও কর্মীদের বৈধ অবস্থানে ফেরার সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে নিয়োগকর্তা ও কর্মীদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই ওয়ার্ক পারমিট নবায়ন বা নতুন পারমিট ইস্যুর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, বিশেষ এই সময়সীমার মধ্যে নিয়ম লঙ্ঘনের বিষয়গুলো সংশোধন করতে ব্যর্থ হলে কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে সৌদিতে অবস্থানরত অনেক প্রবাসী শ্রমিক তাদের কাগজপত্র বৈধ করার অতিরিক্ত সুযোগ পাবেন এবং শ্রমবাজারে অনিশ্চয়তা কিছুটা কমবে।