পুলিশ প্রশাসনে রদবদল, বদল হলো ডিআইজি ও এসপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬
পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে সরকার। এর অংশ হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি এবং ফরিদপুর ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. ইকবাল হোসেন-কে পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। মো. আশিক সাঈদ-কে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
অন্যদিকে আবু রায়হান মুহাম্মদ সালেহ-কে পুলিশ সদর দপ্তর থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মো. মোস্তাফিজুর রহমান-কে বরিশাল রেঞ্জ থেকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং মো. রেজাউল হক-কে খুলনা রেঞ্জ থেকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া মোহাম্মদ শাহজাহান-কে রাজশাহী রেঞ্জের ডিআইজির দায়িত্ব থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
একই দিনে জারি করা আরেক প্রজ্ঞাপনে মোহাম্মদ বদরুল আলম মোল্লা-কে সিআইডি থেকে ঝালকাঠির পুলিশ সুপার এবং শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী-কে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) পদ থেকে ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম-কে বদলি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-তে পদায়ন করা হয়েছে।



