বিদেশে চাকরির বড় সুখবর, ১ কোটি কর্মসংস্থানের ঘোষণা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬

আগামী পাঁচ বছরে ১ কোটি বাংলাদেশির বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্য ঘোষণা করেছে সরকার। এ লক্ষ্যে নতুন শ্রমবাজার খোঁজা, দক্ষ জনশক্তি তৈরি, অভিবাসন ব্যয় কমানো এবং ডিজিটাল সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানিয়েছেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইতোমধ্যে এ লক্ষ্য বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১ কোটি ১৫ লাখ বিদেশি কর্মীর চাহিদা চিহ্নিত করা হয়েছে।

সরকার মধ্যপ্রাচ্যের প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি ইউরোপ, পূর্ব এশিয়া ও আফ্রিকার নতুন বাজারে দক্ষ জনশক্তি পাঠানোর পরিকল্পনা নিয়েছে। তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, নির্মাণ এবং কেয়ারগিভিংসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষ করে তোলা হবে।

এ ছাড়া অভিবাসন ব্যয় কমাতে এবং দালালচক্রের প্রভাব হ্রাস করতে ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হবে। প্রবাসী কর্মীদের জন্য সহজ ঋণ, জরুরি সহায়তা এবং দেশে ফেরার পর পুনর্বাসন সুবিধাও আরও বাড়ানো হবে।

সরকারের আশা, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বৈদেশিক কর্মসংস্থানে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে এবং বাংলাদেশি কর্মীরা আরও নিরাপদ, স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক ব্যবস্থার মাধ্যমে বিদেশে কাজের সুযোগ পাবেন।