সরকারি ক্লিয়ারেন্সের পরও নিরাপদ নন প্রবাসীরা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

বৈধ কাগজপত্র ও সরকারি অনুমোদন থাকার পরও মানব পাচার, সাইবার প্রতারণা এবং যুদ্ধক্ষেত্রে পাঠানোর মতো গুরুতর ঝুঁকিতে পড়ছেন বাংলাদেশি প্রবাসী কর্মীরা। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)–এর ইমিগ্রেশন ক্লিয়ারেন্স প্রক্রিয়ার দুর্বলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে বিভিন্ন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ মাসে কম্বোডিয়ায় কর্মী পাঠানোর জন্য প্রায় ১৬ হাজার বাংলাদেশিকে বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দিয়েছে। তবে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে অন্তত এক হাজার ব্যক্তি সাইবার প্রতারণা চক্রের হাতে পড়েছেন। অভিযোগ রয়েছে, চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে তাদের অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে বাধ্য করা হয়েছে। সম্প্রতি শত শত ভুক্তভোগী দেশে ফিরে এসেছেন এবং তারা জানিয়েছেন, বৈধ কাগজপত্র নিয়ে বিদেশে গেলেও গন্তব্যে পৌঁছে প্রতারক চক্রের কবলে পড়েন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ব্রাজিলকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অনেক বাংলাদেশি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছেন। এ ধরনের ঘটনায় যুক্তরাষ্ট্র থেকে বেশ কয়েকজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, দালালচক্রের মাধ্যমে এ পথে যেতে তাদের বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে।

এদিকে, রাশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে পাঠানো কয়েকজন বাংলাদেশিকে যুদ্ধক্ষেত্রে নেওয়ার ঘটনাও উদ্বেগ সৃষ্টি করেছে। সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বিদ্যমান নীতিমালায় ছোট ব্যাচে কর্মী পাঠানোর ক্ষেত্রে দূতাবাসের বাধ্যতামূলক সত্যায়ন না থাকায় কিছু অসাধু চক্র এই সুযোগের অপব্যবহার করছে। বড় সংখ্যক কর্মীকে ছোট ছোট দলে ভাগ করে বিদেশে পাঠানোর মাধ্যমে যাচাই প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, কম্বোডিয়া, লাওস ও ব্রাজিলের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ গন্তব্যে কর্মী পাঠানোর ক্ষেত্রে যাচাই-বাছাই আরও কঠোর করা হবে। ভবিষ্যতে দূতাবাসের যথাযথ সত্যায়ন এবং বৈধ ওয়ার্ক ভিসা নিশ্চিত না করে কোনো কর্মীকে বিদেশে পাঠানো হবে না বলেও তিনি জানান।