প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সংশোধনের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীরা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাসপোর্টের তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিশেষ সুবিধার আওতায় প্রবাসী বাংলাদেশিরা নতুন ই-পাসপোর্টের আবেদন কিংবা বিদ্যমান পাসপোর্ট পুনঃপ্রদানের সময় প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারবেন। সংশোধনের আওতায় থাকবে নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নামসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য।

এর আগে ২০২৫ সালের ৮ জুলাই জারি করা নির্দেশনায় এই সুবিধার মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে সময়সীমা আরও ছয় মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়েছে।

সরকার বলছে, যেসব প্রবাসী নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট সংশোধন করতে পারেননি, তারা এখন নতুন করে এই সুযোগ পাবেন। এতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের পাসপোর্ট সেবা গ্রহণ, ভ্রমণ এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম আরও সহজ হবে।