বিদেশে কর্মী পাঠানোয় শীর্ষে কুমিল্লা, ছয় মাসে গেছেন ৩১ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

চলতি বছরের প্রথম ছয় মাসে বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে সবচেয়ে বেশি জনশক্তি পাঠিয়েছে কুমিল্লা জেলা। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত কুমিল্লা থেকে ৩১ হাজার ২৪৮ জন কর্মী বিদেশে গেছেন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। এ জেলা থেকে বিদেশে গেছেন ২০ হাজার ৪৬২ জন। টাঙ্গাইল থেকে গেছেন ১৮ হাজার ৪৬৫ জন, চট্টগ্রাম থেকে ১৩ হাজার ৯৯৪ জন এবং ঢাকা জেলা থেকে ১৩ হাজার ২৩৪ জন।

এ ছাড়া কিশোরগঞ্জ থেকে ১৩ হাজার ৫৫৩ জন, চাঁদপুর থেকে ১২ হাজার ৬৪৯ জন এবং নোয়াখালী থেকে ১২ হাজার ৬২২ জন কর্মী বিদেশে গেছেন। নরসিংদী, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ, ফরিদপুর ও নারায়ণগঞ্জ থেকেও ৮ থেকে ১১ হাজারের বেশি কর্মী বিদেশে গেছেন।

সিলেট অঞ্চলেও বিদেশগামী কর্মীর সংখ্যা উল্লেখযোগ্য। হবিগঞ্জ থেকে গেছেন ৯ হাজার ৪৭৩ জন, সিলেট থেকে ৯ হাজার ১৫৫ জন, সুনামগঞ্জ থেকে ৭ হাজার ৮৬৩ জন এবং মৌলভীবাজার থেকে ৫ হাজার ৫২০ জন।

রাজশাহী বিভাগের বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও সিরাজগঞ্জ; খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা; এবং বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা থেকেও কয়েক হাজার কর্মী বিদেশে গেছেন।

রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী থেকেও উল্লেখযোগ্যসংখ্যক কর্মী বিদেশে গেছেন। পাশাপাশি পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি থেকেও বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের জন্য গেছেন কয়েকশ কর্মী।

বিএমইটির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের প্রায় সব জেলা থেকেই বৈধভাবে কর্মী বিদেশে গেছেন। এর মধ্যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, চট্টগ্রাম, কিশোরগঞ্জ এবং সিলেট অঞ্চলের কয়েকটি জেলা জনশক্তি রপ্তানিতে শীর্ষ অবস্থানে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বৈধ পথে বিদেশে কর্মী পাঠানোর হার বাড়লে অভিবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশে রেমিট্যান্স প্রবাহও শক্তিশালী হবে। একই সঙ্গে দক্ষ জনশক্তি তৈরি এবং নতুন শ্রমবাজার সম্প্রসারণে আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।