আমিরাতে ভিসা বাতিল: ভুক্তভোগীদের পাশে বাংলাদেশ দূতাবাস

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি নাগরিকদের ভিসা বাতিলের অভিযোগের পর ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস, আবুধাবি। নির্ভরযোগ্য ও হালনাগাদ একটি ডাটাবেস তৈরির লক্ষ্যে ভুক্তভোগীদের প্রয়োজনীয় তথ্য পাঠানোর আহ্বান জানিয়েছে দূতাবাস। বিষয়টি নিয়ে খালিজ টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩১ জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বিভিন্ন সূত্র থেকে বাংলাদেশি প্রবাসীদের ভিসা বাতিলের তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা ভিসা বাতিলের সমস্যার মুখোমুখি হয়েছেন, তাদের দ্রুত দূতাবাসের সরকারি ই-মেইল mission.abudhabi@mofa.gov.bd-এ প্রয়োজনীয় তথ্য পাঠাতে অনুরোধ করা হয়েছে। তবে যারা ইতোমধ্যে তথ্য জমা দিয়েছেন, তাদের পুনরায় পাঠানোর প্রয়োজন নেই।

ই-মেইলের বিষয় (Subject) লাইনে “Visa Cancellation Issue – [আপনার নাম]” লিখতে বলা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, আবেদনকারীর নাম, পাসপোর্ট নম্বর ও কপি, এমিরেটস আইডি নম্বর ও কপি, পেশা, কোম্পানি বা স্পন্সরের নাম ও মোবাইল নম্বর, ভিসার মেয়াদ ও বাতিলের তারিখ, বর্তমান অবস্থান, সর্বশেষ বাংলাদেশ সফরের তারিখ, মোবাইল বা হোয়াটসঅ্যাপ নম্বর এবং ই-মেইল ঠিকানা পাঠাতে হবে।

এ ছাড়া সহায়তার জন্য দুটি হটলাইন নম্বরও দেওয়া হয়েছে। আবুধাবি দূতাবাসের নম্বর +৯৭১ ৫৬ ৬১১ ৭২১৫ এবং দুবাই কনস্যুলেটের নম্বর +৯৭১ ৫০ ৮১৬ ৮২৫৩।

দূতাবাস জানায়, বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভিসা বাতিলের ঘটনা প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনো কারণে ঘটছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। নিশ্চিত তথ্য পাওয়া গেলে তা প্রবাসীদের জানানো হবে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো বা দূতাবাসের ই-মেইল ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করেছে দূতাবাস। প্রবাসীদের শুধু সরকারি সূত্রের তথ্যের ওপর নির্ভর করার এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।