আমিরাতে গৃহকর্মী নিয়োগে মানতে হবে যে দুই নিয়ম

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬

আমিরাতে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে দুটি বৈধ পদ্ধতি রয়েছে বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়। একটি হলো লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে এবং অন্যটি সরাসরি নিয়োগ বা ডাইরেক্ট হায়ারিং।

কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে কর্মী নির্বাচন, ভিসা, মেডিকেল পরীক্ষা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কাগজপত্রের প্রক্রিয়া এজেন্সিই সম্পন্ন করে। নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মী কাজে অযোগ্য হলে বা চুক্তি অনুযায়ী কাজ না করলে বিকল্প কর্মী দেওয়ার মতো বিভিন্ন নিশ্চয়তাও থাকে।

অন্যদিকে ডাইরেক্ট হায়ারিংয়ের ক্ষেত্রে কোনো এজেন্সির সহায়তা ছাড়াই নিয়োগকর্তা বিদেশ থেকে পরিচিত বা পছন্দের ব্যক্তিকে সরাসরি গৃহকর্মী হিসেবে নিয়োগ দিতে পারেন। তবে এ ক্ষেত্রে ভিসা, অনুমোদনসহ সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব নিয়োগকর্তার।

মন্ত্রণালয় জানিয়েছে, গৃহকর্মী নিয়োগের আগে সরকারি নিয়ম অনুযায়ী চুক্তিপত্র করতে হবে। এতে বেতন, ছুটি, কাজের ধরন এবং নিয়োগকর্তা ও কর্মীর অধিকার ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

এ ছাড়া কোনো অবস্থাতেই অবৈধ দালাল বা অননুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে গৃহকর্মী নিয়োগ না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এতে প্রতারণার পাশাপাশি আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।