শাহজালালে ৫০০ টাকায় যাত্রী সহায়তা!

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে চালু রয়েছে বেসরকারি মিট অ্যান্ড গ্রিট সার্ভিস। বেসরকারি প্রতিষ্ঠান ট্রাভেল শপ পরিচালিত এ সেবা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদিত এবং নীতিমালা অনুসরণ করে সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা চালু রয়েছে।

মিট অ্যান্ড গ্রিট সার্ভিস নেওয়া বাধ্যতামূলক নয়। যাত্রীরা প্রয়োজন অনুযায়ী এ সেবা নিতে পারেন। বিশেষ করে বয়স্ক যাত্রী, শিশুদের সঙ্গে ভ্রমণকারী পরিবার এবং বিদেশি বিনিয়োগকারী বা সম্মানিত অতিথিদের জন্য এটি সহায়ক হিসেবে কাজ করে।

মূলত যাত্রীদের বিমানবন্দরের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় পাশে থাকা, লাগেজ বহনে সহায়তা এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়াই এ সেবার কাজ। অপারেশনের পর ভারী ব্যাগ বহনে অসুবিধায় থাকা যাত্রী, শিশু ও লাগেজ একসঙ্গে সামলাতে সমস্যায় পড়া অভিভাবক কিংবা প্রথমবার বিদেশ ভ্রমণে যাওয়া বয়স্ক মা-বাবার মতো যাত্রীরা এ সেবা নিতে পারেন।

বিদেশি অতিথি বা বিনিয়োগকারীদের ক্ষেত্রেও বিমানবন্দরে রিসিভ করা, লাগেজ বহনে সহায়তা এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ক্ষেত্রে সহায়তা দেওয়া হয়। বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরের মতো বাংলাদেশেও এ ধরনের সেবা চালু রয়েছে। ১৫ বছরের বেশি সময় ধরে যাত্রীদের প্রটোকল ও নির্দেশনামূলক সহায়তা দিয়ে আসছে এ সেবা।

মিট অ্যান্ড গ্রিট সার্ভিস নিতে বিজনেস ক্লাসের টিকিট বা বিশেষ কোনো শর্তের প্রয়োজন নেই। নির্ধারিত সার্ভিস চার্জ দিয়ে যে কোনো যাত্রী এ সুবিধা নিতে পারবেন।

বিদেশগামী যাত্রীদের জন্য এ সেবার চার্জ জনপ্রতি ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। গন্তব্য ও সেবার ধরনের ওপর ভিত্তি করে এ চার্জ নির্ধারণ করা হয়। বিদেশ থেকে দেশে আসা যাত্রীদের ক্ষেত্রেও সার্ভিস চার্জ ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। তবে দুই বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো চার্জ নেই।

কোনো যাত্রীর লাগেজ অতিরিক্ত বড় বা সংখ্যায় বেশি হওয়ায় একাধিক কাস্টমার সার্ভিস এজেন্টের প্রয়োজন হলে অতিরিক্ত চার্জ দিতে হবে।

তবে যাত্রীর এয়ারলাইন টিকিট, ভিসা, ইমিগ্রেশন ও কাস্টমস-সংক্রান্ত বৈধতা যাচাইয়ের দায়িত্ব যাত্রীর নিজের। এসব বিষয়ে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস কোনো দায় বহন করে না।

সপ্তাহে সাত দিন, দিনে ২৪ ঘণ্টা চালু থাকা এ সেবার আওতায় লাগেজ বহন থেকে শুরু করে বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতায় যাত্রীকে পাশে থেকে সহায়তা করা হয়। এর মাধ্যমে যাত্রীদের ভ্রমণ আরও সহজ ও আরামদায়ক করার সুযোগ তৈরি হয়েছে।