যাতায়াত ভাতা নিয়ে বাহরাইনে নতুন প্রস্তাব, পাবেন ১৫ দিনার
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬
বাহরাইনে বেসরকারি খাতের কর্মীদের কর্মস্থলে যাতায়াতের জন্য মাসে ১৫ বাহরাইনি দিনার পরিবহন ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। দেশটির সংসদে বেসরকারি খাতের শ্রম আইন সংশোধনের এই প্রস্তাব দিয়েছেন সংসদ সদস্য জালাল কাধেম।
প্রস্তাবে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান কর্মীদের কর্মস্থলে যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা না দিলে সংশ্লিষ্ট কর্মীকে মাসে অন্তত ১৫ দিনার পরিবহন ভাতা দিতে হবে। তবে কোনো প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকলে কর্মীদের এই ভাতা দিতে হবে না।
জালাল কাধেমের মতে, জ্বালানি ও যাতায়াতের ব্যয় বাড়লেও বেসরকারি খাতের অনেক কর্মীর বেতন বছরের পর বছর তেমন বাড়েনি। ফলে পরিবারের ব্যয়ের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
তিনি বলেন, এই ভাতা চালু হলে কর্মীদের মৌলিক বেতনের ওপর চাপ কিছুটা কমবে এবং জীবনযাত্রার বাড়তি ব্যয় মোকাবিলায় সহায়তা করবে।
কাধেম আরও বলেন, সরকারি খাতের কর্মীরা বর্তমানে কমপক্ষে ২০ দিনার পরিবহন ভাতা পান। ফলে বেসরকারি ও সরকারি চাকরির সুযোগ-সুবিধার ব্যবধান কমাতেও প্রস্তাবিত এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।
প্রস্তাবিত সংশোধনীতে কর্মীদের পরিবহন দেওয়ার ক্ষেত্রে নিয়োগকর্তাদের বর্তমান দায়িত্ব বহাল থাকবে। তবে যারা প্রতিষ্ঠানের কাছ থেকে পরিবহন সুবিধা পাবেন না, শুধু তাদের জন্য ১৫ দিনারের পরিবহন ভাতা প্রযোজ্য হবে।
তবে প্রস্তাবিত এই পরিবহন ভাতা প্রবাসী কর্মীদের জন্য প্রযোজ্য হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।



