প্রবাসীদের এনআইডি সংশোধন সহজ করছে নির্বাচন কমিশন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। শিক্ষা সনদের পাশাপাশি পাসপোর্ট, ওয়ারিশ সনদ, প্রবাসে চাকরির পরিচয়পত্র, রেসিডেন্স কার্ডসহ বিভিন্ন নথি যাচাই করে এনআইডি সংশোধনের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে এ সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধন করা হবে।

ইসি সূত্র জানায়, অনেক প্রবাসী অল্প বয়সে পাসপোর্ট তৈরি করে বিদেশে চলে যান। পরবর্তী সময়ে প্রাপ্তবয়স্ক হয়ে পাসপোর্ট নবায়ন করতে গিয়ে জন্মতারিখসহ বিভিন্ন তথ্যের অসঙ্গতির মুখে পড়েন। এ কারণে প্রবাসীদের এনআইডি সংশোধনের ক্ষেত্রে পাসপোর্টকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে ওয়ারিশ সনদও বিবেচনায় নেওয়া হবে। ওই সনদে পরিবারের সদস্যদের এনআইডি নম্বর উল্লেখ থাকতে হবে। পরিবারের সদস্যদের এনআইডি না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির শিক্ষা সনদকে প্রাধান্য দেওয়া হবে।

এ ছাড়া পাসপোর্টের পাশাপাশি প্রবাসে চাকরির আইডি, রেসিডেন্স কার্ড, বিএমইটি কার্ড, ভিসার কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্সের মতো নথিও প্রমাণ হিসেবে গ্রহণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তবে এসব নথির অপব্যবহার করে কেউ যাতে অনৈতিক সুবিধা নিতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকবে নির্বাচন কমিশন। এজন্য পাসপোর্টে থাকা ভিসার সিল এবং ইমিগ্রেশন-সংক্রান্ত তথ্য যাচাই করা হতে পারে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘এনআইডি সেবা সহজ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইতোমধ্যে কাজের গতি বেড়েছে। সেবাগ্রহীতা এতে সুফল পাচ্ছেন। সামনে আরও পাবেন।’

১৪ দেশে ২৪ স্টেশনে এনআইডি সেবা

বর্তমানে বিশ্বের ১৪টি দেশে ২৪টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে।

এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, ইতালির রোম ও মিলান এবং কুয়েতের কুয়েত সিটি রয়েছে।

এ ছাড়া কাতারের দোহা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, কানাডার অটোয়া ও টরন্টো, জাপানের টোকিও এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেসেও এ কার্যক্রম চলছে।

মালদ্বীপের মালে, ওমানের মাসকাট এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতেও প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণের কার্যক্রম চালু রয়েছে।

নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে থাকা বাংলাদেশিদের এনআইডির ভুল তথ্য সংশোধনে প্রক্রিয়াগত জটিলতা ও দেশে এসে কাগজপত্র সংগ্রহের প্রয়োজনীয়তা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।