কসোভোর শ্রমবাজারে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬
বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কসোভো। এ বিষয়ে দুই দেশ সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে।
১৩ আগস্ট কসোভোর রাজধানী প্রিস্টিনায় অনুষ্ঠিত বাংলাদেশ ও কসোভোর দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশনে শ্রম অভিবাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা শ্রমবাজারের চাহিদা পূরণে কাঠামোবদ্ধ একটি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (বাইল্যাটারাল–ইস্ট অ্যান্ড ওয়েস্ট) ড. এম. নাজরুল ইসলাম। কসোভোর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়ের মহাসচিব ইলির মুজাই।
আলোচনায় দুই পক্ষই মনে করে, জি-টু-জি ব্যবস্থায় কর্মী নিয়োগ করা হলে শ্রম অভিবাসন আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও নিরাপদ করা সম্ভব হবে। একই সঙ্গে এটি উভয় দেশের শ্রমবাজারের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।
বৈঠকে শ্রম অভিবাসনের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। দ্রুত অর্থনৈতিক সহযোগিতা ও দ্বৈত কর পরিহার সংক্রান্ত চুক্তি সম্পাদনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
কসোভো বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা কার্যক্রমে অবদানের প্রশংসা করেছে। অন্যদিকে বাংলাদেশ কসোভোর আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন সংগঠনে অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে।
দুই দেশ সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় সহযোগিতা আরও জোরদারের বিষয়েও একমত হয়েছে।
আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, দুই দেশের তৃতীয় ফরেন অফিস কনসালটেশন ২০২৭ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে।



