সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

কুয়েতে ভিজিট ভিসার নামে ওয়ার্ক পারমিটে প্রতারণা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬

কুয়েতে ভিজিট ভিসা নিয়ে গিয়ে সেটিকে রেসিডেন্সি বা ওয়ার্ক পারমিটে পরিবর্তনের সুযোগকে কেন্দ্র করে প্রতারণার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট বা রেসিডেন্সিতে পরিবর্তনের সুবিধা সব দেশের নাগরিকের জন্য উন্মুক্ত নয়। নির্দিষ্ট শর্ত পূরণকারী উচ্চশিক্ষিত ব্যক্তি কিংবা বিশেষ কারিগরি দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে নির্দিষ্ট পরিস্থিতিতে এ সুযোগ থাকতে পারে।

সম্প্রতি কুয়েতের স্থানীয় গণমাধ্যমে ১৫০ কুয়েতি দিনার ফি দিয়ে ভিজিট ভিসা থেকে কাজের ভিসায় পরিবর্তনের সুযোগ নিয়ে খবর প্রকাশিত হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। এর ফলে বাংলাদেশ, ভারত, নেপালসহ বিভিন্ন দেশের অনেক প্রবাসী ভিজিট ভিসার জন্য আবেদন করেন। তবে তথ্য অসম্পূর্ণ থাকায় তাদের বড় একটি অংশের আবেদন বাতিল হয়েছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের ভিজিট ভিসায় কুয়েতে আসা এবং উচ্চশিক্ষাগত যোগ্যতা বা বিশেষ কারিগরি দক্ষতা থাকা ব্যক্তিদের নির্দিষ্ট শর্তে ভিসার ধরন পরিবর্তনের সুযোগ থাকতে পারে।

এ ছাড়া কেউ কাজের ভিসায় কুয়েতে এসে রেসিডেন্সি প্রক্রিয়া শুরু করার পর জরুরি প্রয়োজনে দেশে ফিরে গেলে এবং এক মাসের মধ্যে বিজনেস ভিজিট ভিসায় কুয়েতে ফিরলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে ওয়ার্ক পারমিট সম্পন্ন করার সুযোগ থাকতে পারে।

ফ্যামিলি ভিসার ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। আবেদনকারীর মাসিক আয় কমপক্ষে ৮০০ কুয়েতি দিনার হতে হবে। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে স্ত্রী, ১৮ বছরের কম বয়সী ছেলে এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত মেয়ের ভিজিট ভিসা পরিবর্তনের সুযোগ থাকতে পারে।

এ ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির জন্য ১৫০ কুয়েতি দিনার ভিসা পরিবর্তন ফি, স্বাস্থ্যবীমা এবং রেসিডেন্সি স্ট্যাম্পের খরচ প্রযোজ্য হবে।

দূতাবাস আরও জানিয়েছে, ভিজিট ভিসা পরিবর্তন করে ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ সব জাতীয়তার নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য নয়। কুয়েতের শ্রমবাজারের চাহিদা এবং দেশটির রেসিডেন্সি অ্যাফেয়ার্সের মহাপরিচালকের সিদ্ধান্তের ভিত্তিতেই এ ধরনের আবেদন অনুমোদন করা হবে।

তাই ভিজিট ভিসাকে ওয়ার্ক পারমিটে পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে কেউ অর্থ চাইলে প্রবাসীদের সতর্ক থাকার এবং যাচাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।