রংপুরের হত্যাকাণ্ডে উদ্বেগ, স্বরাষ্ট্রমন্ত্রীর দায় দাবি জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসাথে ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসকদের ওপর হামলা এবং চাঁদা দাবির ঘটনাও তুলে ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়েছেন তিনি।
রোববার নিজের ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, রংপুরে একটি পুরো পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক। তিনি বলেন, দেশে সামাজিক অপরাধ, খুন-খারাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মারাত্মক আকার ধারণ করেছে।
রংপুরের ঘটনায় নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রিয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী। পুলিশ জানিয়েছে, তাদের মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার ধারণা করা হচ্ছে।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে ঢাকায় একজন চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি ও পরে হামলার ঘটনা এবং ময়মনসিংহে একজন পশুচিকিৎসকের কাছে চাঁদা দাবি করে হামলার ঘটনাও উল্লেখ করেন। এসব ঘটনার ধারাবাহিকতা তুলে ধরে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, এসব ঘটনা থেকেই তা স্পষ্ট।
তিনি বলেন, জনগণ উদ্বিগ্ন এবং তারা এর সুরাহা চায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।
রংপুরের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে।”
একটার পর একটা অপরাধ সংঘটিত হলেও ভুক্তভোগীরা সঠিক বিচার পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। আদালতে বিচারের দীর্ঘসূত্রতা জনগণের মধ্যে হতাশা তৈরি করছে উল্লেখ করে এ পরিস্থিতি থেকে জনগণকে রক্ষা করার আহ্বান জানান।
তবে শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে সামাজিক সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেন ডা. শফিকুর রহমান। একইসাথে সরকারের ব্যর্থতা কাটিয়ে উঠতে সরকারকে বাধ্য করার আহ্বান জানান তিনি।
শেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক সচেতনতা গড়ে তুলে অপরাধের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে দেশের জনগণের নিরাপত্তার জন্য দোয়া করেন জামায়াত আমির।



