মধ্যপ্রাচ্যের বাজারে ধাক্কা, কমছে জনশক্তি রপ্তানি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে বাংলাদেশের জনশক্তি রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রবাসী কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, এ সময়ে বিদেশে গেছেন ৩ লাখ ৩৩ হাজার ৪২৭ জন কর্মী, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৫৩ শতাংশ কম।

গত বছরের একই সময়ে বিদেশে গিয়েছিলেন ৫ লাখ ৪২ হাজার ৪৩৮ জন কর্মী। অর্থাৎ, এক বছরের ব্যবধানে বিদেশে কর্মী পাঠানোর সংখ্যা কমেছে প্রায় ২ লাখ ৯ হাজার।

তথ্য অনুযায়ী, বিদেশগামী কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি গেছেন সৌদি আরবে। এ সময়ে দেশটিতে গেছেন ১ লাখ ৬৯ হাজার ৬৪৬ জন কর্মী, যা মোট বিদেশগামী কর্মীর ৫০ দশমিক ৮৭ শতাংশ। ফলে বাংলাদেশের জনশক্তি রপ্তানি এখনো অনেকটাই সৌদি আরবনির্ভর।

তবে গত বছরের একই সময়ে সৌদি আরবে গিয়েছিলেন ৩ লাখ ৬১ হাজার ৩৬৬ জন কর্মী। সে হিসাবে চলতি বছর দেশটিতে কর্মী পাঠানোর সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে।

সৌদি আরবের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটিতে গেছেন ৪০ হাজার ৩৯৮ জন কর্মী। এ ছাড়া কাতারে গেছেন ৩২ হাজার ১২৭ জন, মালদ্বীপে ১৫ হাজার ৯৬৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৩ হাজার ১২৯ জন, কুয়েতে ১৩ হাজার ৭১ জন, জর্ডানে ৮ হাজার ১৯৯ জন, ইতালিতে ৫ হাজার ৩১৬ জন, পর্তুগালে ৩ হাজার ৬০৮ জন এবং ইরাকে গেছেন ২ হাজার ৮৬৩ জন কর্মী।

গত বছরের একই সময়ে কাতারে গিয়েছিলেন ৫৩ হাজার ১৩৫ জন কর্মী। কুয়েতে গিয়েছিলেন ২৪ হাজার ৪৪১ জন, মালদ্বীপে ১৮ হাজার ২৩৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫ হাজার ৮৫২ জন, জর্ডানে ৫ হাজার ৬০৮ জন এবং ইতালিতে ৪ হাজার ১৪০ জন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, সৌদি আরব, কাতার ও কুয়েতে কর্মী পাঠানোর সংখ্যা কমেছে। অন্যদিকে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইতালিতে বাংলাদেশি কর্মী যাওয়ার সংখ্যা বেড়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি বড় শ্রমবাজারে নিয়োগ কমে যাওয়ায় বাংলাদেশের সামগ্রিক জনশক্তি রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়েছে। বিশেষ করে সৌদি আরবে কর্মী পাঠানোর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সামগ্রিক হিসাবেও বড় পতন দেখা গেছে।

চলতি বছরের প্রথম কয়েক মাসে বিদেশে কর্মী পাঠানোর এই নিম্নমুখী প্রবণতা জনশক্তি রপ্তানি খাতে নতুন করে চাপ সৃষ্টি করছে।