৬০ বছরের বেশি প্রবাসীদের কাজের অনুমতি দেবে না ওমান

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের আর কাজের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে এ বয়সের কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নও বন্ধ করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে দেশটিতে কর্মরত অনেক প্রবাসী চাকরি ও বসবাস নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ৬০ বছরের বেশি বয়সী অভিজ্ঞ বিদেশি কর্মীদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল ওমান সরকার। তবে নতুন সিদ্ধান্তে সেই নীতি বাতিল করা হয়েছে। এখন থেকে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট দেওয়া বা বিদ্যমান পারমিট নবায়ন করা হবে না।

২০২২ সালে বয়সসীমা তুলে দেওয়ার সময় ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বাওয়াইন জানিয়েছিলেন, ওমানাইজেশন নীতির শর্ত পূরণকারী কোম্পানিগুলো যেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের ধরে রাখতে পারে, সে জন্য এই সুবিধা দেওয়া হয়েছিল।

কিন্তু নতুন সিদ্ধান্তে আবারও বয়সসীমা কার্যকর হওয়ায় প্রবাসী কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

কয়েকজন প্রবাসী কর্মী জানিয়েছেন, সম্প্রতি তাদের নিয়োগকর্তারা ওয়ার্ক পারমিট নবায়নের আবেদন করলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। ফলে তারা চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন। ২০২২ সালের নীতির কারণে অনেকেই আশা করেছিলেন, তারা আরও কয়েক বছর ওমানে কাজ করতে পারবেন। হঠাৎ নীতিগত পরিবর্তনে তাদের সেই পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে।

ওমানের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখনো প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের সেবা তালিকাভুক্ত রয়েছে। তবে সেখানে বয়সসীমা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ফলে অনেক প্রবাসী বিভ্রান্ত হচ্ছেন। বাস্তবে ৬০ বছরের বেশি বয়সীদের ওয়ার্ক পারমিটের আবেদন গ্রহণ করা হচ্ছে না।

বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে কর্মরত অভিজ্ঞ বিদেশি কর্মীদের একটি বড় অংশ শ্রমবাজার থেকে বাদ পড়তে পারেন। এতে কিছু কোম্পানি দক্ষ জনশক্তির সংকটে পড়ার আশঙ্কা থাকলেও স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যেই সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।