মদিনায় ২০০ বিলিয়ন রিয়ালের উন্নয়ন প্রকল্প, সৃষ্টি হবে ১ লাখ ২৫ হাজার চাকরি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

সৌদি আরবের মদিনা অঞ্চলে প্রায় ২০০ বিলিয়ন সৌদি রিয়াল ব্যয়ে ২৮০টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে ১ লাখ ২৫ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে মদিনা চেম্বার অব কমার্স।

২০২৫ সাল থেকে চলমান এসব প্রকল্পের প্রায় ৮০ শতাংশই বাণিজ্যিক খাতের। খাতভিত্তিক হিসাবে বাণিজ্যিক খাতে ২০৬টি প্রকল্প রয়েছে। এ ছাড়া বাণিজ্যিক আবাসন খাতে ২৫টি, স্বাস্থ্য খাতে ১১টি, আবাসিক খাতে ১০টি এবং শিক্ষা খাতে ৮টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

ধর্মীয় খাতে পাঁচটি, পর্যটন খাতে চারটি, সরকারি সুবিধা ও অবকাঠামো খাতে ছয়টি এবং করপোরেট খাতে তিনটি প্রকল্প রয়েছে। বিনোদন ও কৃষি খাতেও একটি করে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এসব প্রকল্পের অন্যতম লক্ষ্য মদিনার নগর অবকাঠামো ও জনসেবার মান উন্নত করা। একই সঙ্গে ক্রমবর্ধমান হজ, ওমরাহ ও পর্যটনার্থীদের চাহিদা পূরণেও এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর সাথে সামঞ্জস্য রেখে ২০৩০ সালের মধ্যে বছরে তিন কোটি দর্শনার্থী গ্রহণের লক্ষ্য রয়েছে দেশটির। মদিনায় চলমান এসব উন্নয়ন প্রকল্প সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিপুল বিনিয়োগের ফলে মদিনার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্মাণ, পরিবহন ও পণ্য পরিবহন, বাণিজ্য, পর্যটন, আতিথেয়তা, খাবার সরবরাহ ও রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে নতুন ব্যবসা ও বিনিয়োগের সুযোগ তৈরি হবে।