রেমিট্যান্সে ঊর্ধ্বগতি, ২৪ দিনেই এলো ২৩৪ কোটি ডলার

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

বাংলাদেশে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৩৪ কোটি মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৮৬ কোটি ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৪৮ কোটি ডলার বা ২৫ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। জুলাই মাসে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলার। আগস্টের প্রথম ২৪ দিনে এসেছে আরও ২৩৪ কোটি ডলার। সব মিলিয়ে অর্থবছরের প্রথম ৫৫ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ৫২০ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৩৪ কোটি ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ শতাংশ।

রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়ায় দেশে ডলারের সরবরাহও বাড়ছে। এতে আমদানি ব্যয় মেটানো ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা সহজ হচ্ছে। পাশাপাশি হুন্ডির প্রবণতা কমায় বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা ফিরছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছিল ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। দেশের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি রেমিট্যান্স এর আগে আসেনি।

প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ব্যাংকিং সেবা সহজ করা, ডিজিটাল মাধ্যমে অর্থ পাঠানোর সুযোগ বাড়ানো এবং হুন্ডি প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। এসব উদ্যোগের ফলে প্রবাসীদের একটি বড় অংশ বৈধ পথে অর্থ পাঠাতে আগ্রহী হচ্ছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ার পাশাপাশি আমদানি ব্যয় ও বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনাতেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।