কোরিয়াগামী কর্মীদের ভাষা, সংস্কৃতি ও কারিগরি প্রশিক্ষণ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬
দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের জন্য এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় নির্বাচিত বাংলাদেশি কর্মীদের জন্য ১৩ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কোরিয়ার কর্মপরিবেশে দ্রুত অভিযোজন এবং ইপিএস কার্যক্রম আরও কার্যকর করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (বিকেটিটিসি) আয়োজিত এ প্রশিক্ষণ পরিচালনা করবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার ইন বাংলাদেশ।
আগামী ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণার্থীদের প্রতিদিন সকাল সাড়ে ৭টার মধ্যে বিকেটিটিসিতে উপস্থিত থাকতে হবে। প্রয়োজন অনুযায়ী জুম অ্যাপের মাধ্যমেও অনলাইন ক্লাসে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
থাকছে ভাষা ও কারিগরি প্রশিক্ষণ
প্রশিক্ষণে কোরিয়ান ভাষা ও সংস্কৃতি, আচরণ এবং কর্মসম্পাদন বিষয়ে পাঠ দেওয়া হবে। পাশাপাশি কোরিয়ার কর্মক্ষেত্রে প্রচলিত ‘ডার্টি, ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস’ বা ৩ডি ধরনের কাজের পরিবেশে মানিয়ে নিতে অতিরিক্ত কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে।
এর মধ্যে ওয়েল্ডিং, গ্রাইন্ডিং এবং শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য ব্যায়ামও রয়েছে। এর মাধ্যমে কর্মীদের শুধু ভাষাগত দক্ষতা নয়, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা ও শারীরিক সক্ষমতাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশিক্ষণে যা নিতে হবে
প্রশিক্ষণার্থীদের এক জোড়া কেডস বা স্পোর্টস জুতা, দুই সেট ট্রাউজার ও টি-শার্ট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মূল পাসপোর্ট সঙ্গে রাখতে হবে।
প্রশিক্ষণ শেষে পরীক্ষা ও জরিপ নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভিসা প্রক্রিয়ার পরবর্তী কার্যক্রম শুরু হবে। যারা পরীক্ষায় অকৃতকার্য হবেন অথবা প্রশিক্ষণে অনুপস্থিত থাকবেন, তারা ৪ হাজার টাকা জরিমানা দিয়ে পরবর্তী ব্যাচে পুনরায় প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
কোরিয়ান ভাষায় উপস্থাপনার মূল্যায়ন
প্রশিক্ষণার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর বোয়েসেল কার্যালয়ে গ্রুপভিত্তিক কোরিয়ান ভাষায় উপস্থাপনা ও মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এতে মোট ১৪টি গ্রুপ থাকবে এবং প্রতিটি গ্রুপে ১০ জন করে প্রশিক্ষণার্থী অংশ নেবেন। পারফরম্যান্সের ভিত্তিতে সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে।
এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে আগ্রহী প্রশিক্ষণার্থীরা নামমাত্র ফিতে বিকেটিটিসির আবাসিক হোস্টেলে থাকার সুযোগ পাবেন।
কর্তৃপক্ষের এ উদ্যোগের ফলে কোরিয়াগামী কর্মীরা দেশ ছাড়ার আগেই ভাষা, সংস্কৃতি, কর্মপরিবেশ ও প্রয়োজনীয় কারিগরি বিষয়ে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। এতে কোরিয়ায় কর্মীদের দ্রুত কর্মপরিবেশের সাথে মানিয়ে নেওয়া এবং দক্ষতার সাথে দায়িত্ব পালনের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।



