ছিনতাইয়ে শিক্ষিকা নিহত, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের ঘটনায় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. পনি ওরফে প্যারা পনি। র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, এ বিষয়ে রোববার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।
রনজিনা পারভীন চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন। শনিবার ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের শিকার হন তিনি। ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় দুজনকে আসামি করে এবং একজনকে অজ্ঞাতনামা রেখে মামলা করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে।
রনজিনার স্বামী আবদুল মতিন জানান, শুক্রবার রাতে তারা বাসে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। শনিবার ভোরে কল্যাণপুর বাসস্ট্যান্ডে নামার পর সকাল ৬টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ফার্মগেটের খামারবাড়ির ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন।
মতিন বলেন, পথে একটি মোটরসাইকেল দুবার তাদের অটোরিকশার পাশে ঘষা দেয়। তিনি এর প্রতিবাদ করলে চালক গতি কমিয়ে দেন। এ সময় পেছনে থাকা মোটরসাইকেলের আরোহী রনজিনার কাঁধে থাকা ব্যাগ ধরে সজোরে টান দেন।
ছিনতাইকারী ব্যাগ নিয়ে খামারবাড়ির দিকে চলে যায়। আর ব্যাগ ধরে টান দেওয়ার সময় রনজিনা রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান।
স্ত্রীকে পড়ে যেতে দেখে মতিন রিকশা থামিয়ে পেছনে দৌড়ে যান। তিনি গিয়ে রনজিনার মাথা কোলে তুলে নেন। তখন তিনি রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। পরে তাকে কোলে তুলে ওই রিকশাতেই শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।



