বিদেশে কর্মসংস্থানে বড় লক্ষ্য, ৫ বছরে যেতে পারেন ১ কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬

আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম মানুষকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বিদেশগামীদের জন্য ঋণ সুবিধা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্য সরকারের। একই সঙ্গে বিদেশে যেতে আগ্রহীদের আর্থিক সহায়তা এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে নবীনবরণ অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম মানুষকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কর্মী তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, বিদেশে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি প্রবাসীদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা চালু করা হয়েছে। এসব সুবিধার মাধ্যমে বিদেশগামীদের আর্থিক চাপ কমানোর পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নুরুল হক নুর বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষা দিয়ে বর্তমান আন্তর্জাতিক শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা সম্ভব নয়। তাই শ্রমবাজারে যেসব দক্ষতার চাহিদা রয়েছে, সেসবের সাথে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস ও কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে।

তিনি আরও বলেন, বিদেশে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি দেশের অভ্যন্তরেও কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তরুণদের দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপদ রাখতে সাইবার আইন দ্রুত সংশোধনের কথাও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন তিনি।

পরে ছাত্র অধিকার পরিষদের বরিশাল ব্রজমোহন কলেজ শাখার আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন নুরুল হক নুর। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়নে তরুণদের দক্ষতা অর্জনের পাশাপাশি ইতিবাচক ভূমিকা রাখা জরুরি।