সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৪ হাজার, বহিষ্কার প্রায় ১৫ হাজার
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬
সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে এক সপ্তাহের অভিযানে ১৪ হাজার ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে দেশটি থেকে প্রায় ১৫ হাজার প্রবাসীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন ভঙ্গের অভিযোগে এসব অভিযান চালানো হয়।
সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৪ হাজার ৪৩৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে ১৪ হাজার ৯০৫ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৯৭৬ জন আবাসন আইন, ৪ হাজার ১১০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৪৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার এবং ৪১ শতাংশ ইয়েমেনের নাগরিক। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টা করায় ৪৪ জনকে আটক করা হয়।
আইনি প্রক্রিয়ায় প্রায় ৩০ হাজার
অভিযানের পর বর্তমানে প্রায় ২৯ হাজার ৯৩৮ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২৭ হাজার ৯৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮১ জন নারী।
কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ব্যক্তির মধ্যে ১৮ হাজার ৯১৪ জনকে নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য। আরও ২ হাজার ৮৬৭ জনকে ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।
অভিযানে আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়া, পরিবহন, চাকরি দেওয়া কিংবা আইন লঙ্ঘনের বিষয় গোপন করার অভিযোগ রয়েছে।
সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবাসী বা সীমান্ত আইন ভঙ্গকারীদের সহায়তা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা অনুযায়ী, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের সহায়তার অভিযোগে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন বা বাসস্থান বাজেয়াপ্ত এবং অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করে সামাজিকভাবে হেয় করার ব্যবস্থাও নেওয়া হতে পারে।
অবৈধ প্রবাসী ও সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে তথ্য দিতে সাধারণ মানুষকে উৎসাহিত করেছে সৌদি কর্তৃপক্ষ। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।



