শিগগিরই সৌদি প্রবাসীদের ই-পাসপোর্ট ভোগান্তি কমবে: রাষ্ট্রদূত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবায় ভোগান্তি শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রিয়াদে বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। সভায় দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবে প্রায় দেড় মাস ধরে ই-পাসপোর্ট সেবা চালু রয়েছে। সেবা চালুর পর আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় প্রাথমিক পর্যায়ে অনেক প্রবাসীকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় দূতাবাসের জনবল ও সেবার পরিধি বাড়ানো হয়েছে।

তিনি জানান, বর্তমানে ই-পাসপোর্টের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। প্রবাসীদের সেবা নিশ্চিত করতে দূতাবাসের কর্মকর্তারা প্রতিদিন ২০ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত কাজ করছেন। ফলে অচিরেই পাসপোর্টসংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রদূত আরো জানান, এখন পর্যন্ত প্রায় ৮০ শতাংশ ই-পাসপোর্ট আবেদনের কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট আবেদনগুলোর প্রক্রিয়াও দ্রুত শেষ করা হবে। এ জন্য প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি।

আলোচনা সভায় উপস্থিত প্রবাসী সাংবাদিকেরা ই-পাসপোর্ট সেবা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তবে সেবার প্রাথমিক পর্যায়ের ভোগান্তি কমাতে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে তারা মত দেন।

তারা আশা প্রকাশ করেন, দূতাবাসের নেওয়া উদ্যোগের ফলে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা আরো সহজ, দ্রুত ও কার্যকর হবে