বিশ্ব অভিবাসন প্রবাহের শীর্ষে বাংলাদেশিরা: আইওএমের প্রতিবেদন
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬
এশিয়া-প্যাসিফিক অঞ্চল এখন বিশ্ব অভিবাসনের অন্যতম প্রধান কেন্দ্র। এই অঞ্চলের অভিবাসন প্রবাহে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রকাশিত এশিয়া-প্যাসিফিক মিক্সড মাইগ্রেশন ফ্লোস: বার্ষিক আঞ্চলিক প্রতিবেদন ২০২৫-এ এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বিপুলসংখ্যক মানুষ যেমন বিদেশে পাড়ি জমাচ্ছেন, তেমনি বিভিন্ন দেশের মানুষও এই অঞ্চলে আশ্রয় নিচ্ছেন। সংঘাত, নিপীড়ন, অর্থনৈতিক সংকট ও জলবায়ুজনিত কারণে অভিবাসনের এই প্রবাহ অব্যাহত রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারে চলমান সংঘাত, নিপীড়ন ও জলবায়ু দুর্যোগের কারণে বিপুলসংখ্যক মানুষ প্রতিবেশী থাইল্যান্ডে প্রবেশ করছেন। ২০২৫ সালে স্থলপথে মিয়ানমার থেকে থাইল্যান্ডে প্রবেশ করেছেন প্রায় ২০ লাখ মানুষ। এর মধ্যে দীর্ঘমেয়াদি প্রবেশকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৩৬ হাজার। জরিপে অংশ নেওয়া অভিবাসীদের প্রায় ৪৫ শতাংশের কাছে বৈধ নথি ছিল না।
এদিকে নাফ নদ, বঙ্গোপসাগর ও আন্দামান সাগর হয়ে রোহিঙ্গাদের ঝুঁকিপূর্ণ যাত্রাও অব্যাহত রয়েছে। ২০২৫ সালে প্রায় ৬ হাজার ৫০১ জন রোহিঙ্গা এই পথে যাত্রা করেন, যা আগের বছরের তুলনায় ২৯ শতাংশ কম। তবে বাংলাদেশ থেকে এই ধরনের যাত্রা প্রায় দ্বিগুণ হয়ে ১ হাজার ৭৩৮ জনে দাঁড়িয়েছে।
আইওএম বলছে, কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে মানবিক সহায়তা কমে যাওয়ায় অনেক রোহিঙ্গা সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রা বেছে নিচ্ছেন। এ পথে প্রায় ৯০০ জন প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। এটিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন পথ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে, ইন্দোনেশিয়ার বিভিন্ন উপকূল থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর চেষ্টাও অব্যাহত রয়েছে। ২০২৫ সালে ২০টি নৌকায় প্রায় ১৯৩ জন অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করেন। আগের বছরের তুলনায় এই সংখ্যা ২৬ শতাংশ কম হলেও ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা বন্ধ হয়নি।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৫ সালে এশিয়া থেকে ইউরোপে অনিয়মিতভাবে পৌঁছেছেন ৪৭ হাজার ২০৬ জন অভিবাসী। আগের বছরের তুলনায় এ সংখ্যা ১৫ শতাংশ বেশি। ইউরোপে মোট অনিয়মিত প্রবেশ কমলেও এশিয়া থেকে আগমন বেড়েছে।
এশিয়া থেকে ইউরোপে অনিয়মিতভাবে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি। মোট আগমনের ৫২ শতাংশই বাংলাদেশি। এরপর আফগানিস্তান থেকে ৩২ শতাংশ, পাকিস্তান থেকে ১১ শতাংশ এবং ইরান থেকে ৬ শতাংশ অভিবাসী ইউরোপে পৌঁছেছেন।
ইতালিমুখী অভিবাসনের ক্ষেত্রে লিবিয়া হয়ে মধ্য ভূমধ্যসাগরীয় পথটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। ২০২৫ সালে এই পথে ইতালিতে পৌঁছেছেন ২৭ হাজার ১৩০ জন, যা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেশি। তাদের মধ্যে প্রায় তিন-চতুর্থাংশই ছিলেন বাংলাদেশি।
আইওএমের প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ার শ্রমবাজারে বাংলাদেশি ও পাকিস্তানি কর্মীদের উপস্থিতি বাড়ায় এই পথে তাদের সংখ্যা তুলনামূলক বেশি। ফলে ইউরোপমুখী অভিবাসন প্রবাহে বাংলাদেশিদের বড় অংশগ্রহণের বিষয়টি নতুন করে সামনে এসেছে।



