মন্ত্রীর গাড়িও ছাড় পেল না, উল্টোপথে চলায় মামলা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটে রাজধানীর সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, একজন মন্ত্রীর পতাকাবাহী গাড়ি সার্কিট হাউস সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।

ওই কর্মকর্তা বলেন, উল্টোপথে গাড়ি চালানো আইন লঙ্ঘন। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, রেঞ্জ রোভার গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে। মন্ত্রীর গাড়িটি উল্টোপথে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর বহর পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল বলেও জানান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর। ঘটনার সময় মন্ত্রী গাড়িতে ছিলেন।

ট্রাফিক কর্মকর্তারা জানান, কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার ঘটনায় মামলা হওয়ার ঘটনা দেশে এই প্রথম। অতীতেও মন্ত্রীদের গাড়ি দ্রুত গন্তব্যে পৌঁছানো কিংবা যানজট এড়াতে উল্টোপথে চলার ঘটনা গণমাধ্যমে এসেছে। তবে এসব ঘটনায় মামলা হওয়ার নজির নেই।

পুলিশ কর্মকর্তারা মনে করছেন, মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টোপথে চলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার এই ঘটনা দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে। আইন সবার জন্য সমান—এই নীতির বাস্তব প্রয়োগের দৃষ্টান্ত হিসেবেও ঘটনাটি গুরুত্বপূর্ণ।