এক অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ। এ অর্থবছরে বৈধ চ্যানেলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। ফলে এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫ দশমিক ২৬ বিলিয়ন ডলার।

সংসদে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি থেকে ৪ দশমিক ২৬ বিলিয়ন ডলার এলেও ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে।

দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। দেশটি থেকে আগের অর্থবছরে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার এলেও এবার এসেছে ৫ দশমিক ০৭ বিলিয়ন ডলার।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৪ দশমিক ৫৮ বিলিয়ন ডলার এবং মালয়েশিয়া থেকে ৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার। ইতালি ও ওমান থেকে এসেছে ২ দশমিক ০৫ বিলিয়ন ডলার করে। কুয়েত থেকে এসেছে ১ দশমিক ৭৬ বিলিয়ন এবং কাতার থেকে ১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

সিঙ্গাপুর থেকেও রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। আগের অর্থবছরের ৯৯ কোটি ডলার থেকে বেড়ে এবার দেশটি থেকে এসেছে ১ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে ৬৭ কোটি ডলার।

ফ্রান্স থেকে রেমিট্যান্স বেড়ে হয়েছে ৪৭ কোটি ডলার এবং অস্ট্রেলিয়া থেকে ২৬ কোটি ডলার। জর্ডান থেকে এসেছে ২৫ কোটি ডলার। গ্রিস থেকে সামান্য বেড়ে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ডলারে।

তবে সামগ্রিকভাবে রেমিট্যান্স বাড়লেও চারটি দেশ থেকে অর্থপ্রবাহ কমেছে। এর মধ্যে আমেরিকা থেকে সবচেয়ে বেশি পতন হয়েছে। আগের অর্থবছরে আমেরিকা থেকে ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার এলেও ২০২৫-২৬ অর্থবছরে তা কমে হয়েছে ৩ দশমিক ০৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে দেশটি থেকে রেমিট্যান্স কমেছে প্রায় ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার বা ৩৫ দশমিক ৯ শতাংশ।